২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার পেট্রোলসহ লরি জব্দ, আটক ৪

খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশে বাইরের কোনো জেলা থেকে এসব জ্বালানি আনা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 06:14 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় অবৈধভাবে মজুদ ও খালাসের সময় প্রায় নয় হাজার লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। 

সোমবার ভোররাতে উপজেলার কয়রাডাঙ্গা-খাদিমপুর সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান আলমডাঙ্গা থানার ওসি বাণী ইসরাইল। 

আটকরা হলেন- তেলবাহী লরি চালক আলী হোসেন (৫৩), সহকারী মোজাম হোসেন (৪৫) ও রাহেন আলী (২৮) এবং তেল মজুদকারী উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের টিটন আলী (৩৭)।

গোপন খবর পেয়ে ভোরে অবৈধ জ্বালানি তেল মজুদচক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় একটি তেলবাহী ট্যাংক লরি থেকে ড্রামে তেল ভরার সময় আট ব্যারেল পেট্রোলসহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। এ ছাড়া ট্যাংক লরিটিও জব্দ করা হয়।

ওসি বাণী ইসরাইল বলেন, জব্দ করা ট্যাংক লরি ও ব্যারেলগুলোতে আট হাজার ৭০০ লিটার পেট্রোল পাওয়া গেছে। এ চক্রের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশে তেলগুলো বাইরের কোনো জেলা থেকে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।