২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা ছিলেন সংসদ সদস্য, এবার প্রতিমন্ত্রী হলেন ময়মনসিংহের দুজন

ময়মনসিংহ-৩ আসনের ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও ময়মনসিংহ-৯ আসনের ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

বাবা ছিলেন সংসদ সদস্য, এবার প্রতিমন্ত্রী হলেন ময়মনসিংহের দুজন
ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও ইয়াসের খান চৌধুরী।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 07:01 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পেয়েছেন ময়মনসিংহ জেলার দুইজন। তারা দুজনই জেলার পুরানো দুটি রাজনৈতিক পরিবারের সন্তান। তাদের দুজনের বাবাই ছিলেন সংসদ সদস্য।  

তারা হলেন, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে থেকে নির্বাচিত ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের ইয়াসের খান চৌধুরী। 

মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারা। 

এর মধ্যে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এবং এবং ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পাচ্ছেন বলে খবরে বলা হচ্ছে। 

দায়িত্ব পাওয়া দুজনই জেলার পুরানো রাজনৈতিক পরিবারে সন্তান। এর মধ্যে এম. ইকবাল হোসেনের বাবা ঈসমাইল হোসেন তালুকদার ছিলেন মুসলিম লীগের সংসদ সদস্য। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ইকবাল হোসেইন নিজেও গৌরীপুর উপজেলায় একজন স্বজ্জন, সাদা মনের মানুষ হিসাবে পরিচিত। তিনি মন্ত্রী পরিষদে স্থান পাওয়ার খবরে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে দলীয় নেতাকর্মী ও অনুসারিদের মধ্যে। 

তারা মিষ্টি বিতরণ করে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই মাত্র খবর পেয়েছি ইঞ্জিনিয়ার ইকবাল প্রতিমন্ত্রী হয়েছেন, এ খবরে আমরা অত্যন্ত আনন্দিত। অবহেলিত গৌরীপুরবাসীকে মন্ত্রীত্ব উপহার দেওয়ার জন্য আমরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

“আগামী দিনে আমরা সকলে মিলে গৌরীপুরের উন্নয়ন করতে চাই এবং আমাদের নির্বাচনি সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।”

অপরদিকে ইয়াসের খান চৌধুরীর বাবা মো. আনোয়ারুল হোসেন খান চৌধুরী। তিনি ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তাঁর চাচা খুররম খান চৌধুরী ছিলেন চারবারের সংসদ সদস্য।

ইয়াসের খান চৌধুরী একজন তথ্যপ্রযুক্তি বিজ্ঞানী। দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্ক লন্ডন-এর তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেছেন তিনি। 

নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, “ইয়াসের খান সম্ভ্রান্ত পরিবারের মানুষ। দল তাকে যথাযথ মূল্যায়ন করেছে। প্রতিমন্ত্রী হওয়ায় আমরা আশায় বুক বেধেছি নান্দাইল তথা সারা দেশের উন্নয়ন হবে।”