২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে গুলি: কুমিল্লায় সাবেক এমপি বাহারসহ ৪৬১ আসামি

মামলায় ২৬১ জনের নাম উল্লেখ করে আরো ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ছাত্র আন্দোলনে গুলি: কুমিল্লায় সাবেক এমপি বাহারসহ ৪৬১ আসামি
(বাম থেকে) আ ক ম বাহাউদ্দিন বাহার, মোস্তাফিজুর রহমান লিটন, জাহাঙ্গীর আলম ভূঁইয়া।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2025, 09:58 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি-হামলায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারসহ আওয়ামী লীগের ২৬১ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সংগঠক মো. ইনজামুল হক রানা বুধবার দুপুরে মামলাটি করেন বলে কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান। 

তিনি বলেন, মামলায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ ২৬১ জনের নাম উল্লেখ করে করা হয়েছে। এ ছাড়া আরো ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাবেক সংসদ সদস্য বাহারের হুকুমে কয়েকজন আসামির সরবরাহ করা অস্ত্র দিয়ে অন্যরা ৩ অগাস্ট কুমিল্লা নগরীর পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে ছাত্র-জনতার উপর হামলা চালায়। গুলি ও হামলায় ছাত্র-জনতার কয়েকজন গুলিবিদ্ধ ও অনেকে রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হয়।

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাবলু, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল মমিন ফেরদৌস, সাবেক পিপি জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র হাবিবুর আল-আমিন সাদী, মহানগর আওয়ামী লীগ নেতা নূর-উর রহমান মাহমুদ তানিম, জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট ফাহমিদা জেবিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুজন সেকশন অফিসার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা রেজা-ই এলাহী ও বিপ্লব চন্দ্র দাস।

মামলার বাদী মো. ইনজামুল হক রানা বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার উপর হামলা করেছিল। এর ভিডিও ও স্থিরচিত্র আমাদের কাছে আছে। তাই তথ্য-প্রমাণ সংগ্রহ করে মামলাটি দায়ের করা হয়েছে।” 

অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।