রাকসুর তফসিল ঘোষণার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ভোটগ্রহণের কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও বাস্তবায়নের এক দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাবি স্টুডেন্টস অ্যালায়েন্স’ এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলকারীরা।
এ সময় ‘সব দফার এক দফা, রাকসু রাকসু’, ‘রাকসু আমার অধিকার, না দিলে তুই গদি ছাড়’, ‘সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও’, ‘দালালি না, আজাদি-আজাদি আজাদি’, ‘রাকসু চাই, রাকসু ছাড়া মুক্তি নাই’ বলে স্লোগান দেন শিক্ষার্থীরা।
রাবি স্টুডেন্টস অ্যালায়েন্সের মুখপাত্র ও সাবেক সমন্বয়ক মেহেদী সজিব বলেন, “আমরা বিভিন্ন সময় রাকসু কার্যকরের দাবিতে আন্দোলন করেছি। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যেসব দাবি তুলেছে, সেগুলোর অধিকাংশই রাকসু ছাড়া বাস্তবায়ন সম্ভব নয়।
“জুলাই অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল রাকসু বাস্তবায়ন। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও রাকসু তফসিল ঘোষণা করা হয়নি। আমরা এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পারছি না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সানজিদা ঢালি বলেন, “এই প্রশাসন আমাদের রক্তের ওপর দিয়ে এসেছে। তাদের প্রধান দায়িত্ব ছিল রাকসু বাস্তবায়ন।
“এক জুলাইয়ের বিপরীতে আরেক জুলাই এসেছে, তবুও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। তারা আমাদের অধিকার বাস্তবায়ন করতে না পারে, তাদের পদত্যাগ করতে হবে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছিল। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নির্বাচনের জন্য ঘোষিত রোড ম্যাপ অনুযায়ী ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও আচরণবিধি চূড়ান্তকরণ এবং প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল আপত্তি গ্রহণ এবং ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারিত করেছিল।
পরের ধাপে ১৫ মে মনোনয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০ মে বাছাই, ২২ মে প্রাথমিক প্রার্থী তালিকা, ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা বলেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোড ম্যাপ অনুযায়ী চলতি বছরের জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে ভোটগ্রহণের কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি বলে জানান আন্দোলনকারীদের।
