প্রথম আলো, ডেইলি স্টার নিয়ে রাকসু ভিপির বক্তব্যের নিন্দা-প্রতিবাদ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রথম আলো, ডেইলি স্টার নিয়ে রাকসুর ভিপির দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে তারা এক বিবৃতিতে এই নিন্দা জানান।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটি এক বিবৃতিতে ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা এবং নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের উপর হামলার প্রতিবাদ জানানো হয়।
বৃহস্পতিবার রাতে ওসমান হাদি হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, "প্রথম আলো, ডেইলি স্টারসহ এসব সুশীল পত্রিকা বন্ধ করতে হবে। এই কর্মসূচিতে যদি প্রথম আলো বা ডেইলি স্টারের কোনো প্রতিনিধি থাকে, তাহলে আপনারা বের হয়ে যান।"
বিবৃতিতে বলা হয়, রাকসু ভিপি হিসেবে দায়িত্বশীল অবস্থান থেকে দেওয়া তার ওই বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং দেশে চলমান উগ্রতাকে আরও উসকে দেয়।
বিবৃতিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা বলেন, “ওসমান হাদির মৃত্যুকে পুঁজি করে একটা গোষ্ঠী কল্পিতভাবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় দুইটি দৈনিক পত্রিকা 'প্রথম আলো' ও 'ডেইলি স্টার' কার্যালয়ে এবং দুটি সংস্কৃতিক সংগঠন উদীচী এবং ছায়ানটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ ঘটায়। এমনকি ফ্যাসিবাদ বিরোধী অন্যতম কন্ঠস্বর 'নিউ এইজ'র সম্পাদক নুরুল কবিরের উপর হামলা করা হয়। এ ধরনের হামলা বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর আঘাত।”
বিবৃতিতে দেশে চলমান উগ্রতা, মব সন্ত্রাস, নৈরাজ্যকে অন্তর্বর্তীকালীন সরকারের চরম ব্যর্থতা বর্ণনা করে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফারজানা তান্নী বলেন, "গত কয়েক মাস ধরে দেশে যে অরাজকতা, বিশৃঙ্খলা চলছে তারই ধারাবাহিকতা ১৮ ডিসেম্বরের রাতের ঘটনা। প্রথম আলো, ডেইলি স্টারের অফিসে ভাঙচুর, আগুন দেওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনকে তাদের অপরাজনীতি, অপসংস্কৃতির পথে বাঁধা মনে করে, তারাই এই ঘৃণ্য কাজটি করেছে। এই ধরনের ঘটনা বাংলাদেশের অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, যেখানে গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনগুলো স্বাধীনভাবে কাজ করতে বাধাপ্রাপ্ত হবে। আর তা হলে, বৈশ্বিক রাজনীতির যে প্রভাব এ দেশে পড়বে তা হবে ভয়াবহ।"
আরেক শিক্ষার্থী আসিফ আজাদ সিয়াম বলেন, "বিগত সরকারের আমলে অন্যায়ের প্রতিবাদে সবথেকে বেশি সরব ছিল প্রথম আলো ও ডেইলি স্টার। নিউজ এবং সমালোচনার কারণে তারা বিগত সরকারেরও চক্ষুশূল ছিল। অথচ বর্তমানে মববাজরা তাদেরকেই ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এই ঘটনা খুবই দুঃখজনক ও হতাশার।"
রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমিতির নিন্দা
শুক্রবার রাতে পৃথক বিবৃতিতে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নিউ এইজ সম্পাদক নুরুল কবিরের উপর হামলার ঘটনায় নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।
বিবৃতিতে হামলার ঘটনাকে বাকস্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের উপর আঘাত বর্ণনা করে সংগঠন দুটি। পাশাপাশি ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানানো হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি সোহাগ আলী বলেন, "ডেইলি স্টার, প্রথম আলোর বিষয়েই ওসমান হাদি নিজের বক্তব্য দিয়ে গিয়েছেন যে, ডেইলি স্টার বা প্রথম আলোর সামনে গিয়ে মব তৈরি করার কিছু নাই বরং পারলে তাদের বিকল্প কিছু তৈরি করে দেখাতে হবে। অথচ ওসমান হাদির সেই বক্তব্যকে অনুসরণ না করে তাকে ভালোবাসার অজুহাতে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা করেছে- এটা কোনো সভ্য সমাজে হতে পারে বলে আমি মনে করি না।
“সম্পাদকীয় কোনো ভুল-ভ্রান্তি থাকলে সেটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু এইভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিষ্ঠানকে ধ্বংস করতে চাওয়া কোনোভাবেই কাম্য না। এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং আমি এর সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।"
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদ হোসেন বলেন, "এই হামলা শুধু গণমাধ্যমের ওপরে নয়- স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির পাশাপাশি রাষ্ট্রের দায় এবং দায়িত্বহীনতারও স্পষ্ট বহিঃপ্রকাশ। সংবাদপত্র ও নিউ এজ সম্পাদকের ওপর ঘটনায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।"
