হবিগঞ্জে আলাদা সড়কে প্রাণ গেল মা-ছেলেসহ ৪ জনের
ঢাকা-সিলেট মহাসড়কে এসব ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
হবিগঞ্জের নবীগঞ্জ, বাহুবল ও শায়েস্তাগঞ্জ উপজেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে; যাদের মধ্যে মা ও ছেলে আছেন।
বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় বাসচাপায় মা-ছেলে, শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় পথচারী এবং বাহুবলে বাস ও কভার্ড ভ্যানের সংঘর্ষে ভ্যানচালক নিহত হয় বলে জানান শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের।
নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের শামীমা আক্তার (৪৫) ও তার পাঁচ বছরের ছেলে তৌকির আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটির জয়ংকর রায় ও খুলনার জেলার ফুরকান মিয়া।
ওসি আবু তাহের দেওয়ান বলেন, বেলা সাড়ে ১১টার দিকে অসুস্থ আত্মীয়কে দেখতে শামীমা তার ছেলেকে নিয়ে নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। পথে উপজেলার দিনারপুর কলেজ সংলগ্ন এলাকায় মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
এর আগে সকাল ১০টায় শায়েস্তাগঞ্জের ফার্দিন মার্দিন রেস্টুরেন্টের পাশে ট্রাকচাপায় জয়ংকর রায় মারা যান বলে জানান তিনি।
এদিকে সকাল ৬টার দিকে বাহুবল উপজেলার হাফিজপুরে সিলেটগামী শ্যামলী বাস ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফুরকান আলীর মৃত্যু হয় বলে জানান ওসি আবু তাহের।
