কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতার লাশ দেখতে এসে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ শহরে আওয়ামী লীগ এক নেতার মৃতদেহ দেখতে এসে গ্রেপ্তার হয়েছেন শ্রমিক লীগের এক নেতা।
বুধবার রাত ১২টার দিকে শহরের আখড়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন (৪০) কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি জেলা শহরের গাইটাল এলাকার জনতা স্কুল রোডের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য মো. শাহজাহান লস্কর (৭২) বার্ধক্যজনিত কারণে মারা যান। রাত সাড়ে ১১টার দিকে শাহজাহানের লাশ দেখতে তার বাসায় যান মামুন। এ সময় বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মামুন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
