কুড়িগ্রামে ভাঙন কবলিতদের ‘কপালে জুটেনি’ কোনো আর্থিক সহায়তা
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বলেন, “ভাঙন কবলিতদের জন্য আর্থিক কোনো বরাদ্দ নেই। গত এক বছর ধরে কোনো বরাদ্দ পাইনি; ফলে কিছু করার নেই।”
কুড়িগ্রামে বন্যা ও পরবর্তী সময়ে ধরলা নদীর ভাঙনের শিকার পরিবারগুলো পাচ্ছে না সরকারের আর্থিক কোনো সহায়তা।
সরকারি কোনো বরাদ্দ না থাকায় এসব অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারছেন না বলে কর্মকর্তারা নিজেদের অসহায়ত্বের কথা জানান।
ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়কমণ্ডপে এ মৌসুমের বন্যার সময় ৩০টি এবং বড়ভিটা ইউনিয়নের মেকলীতে ২২টিসহ মোট ৫০টি বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে যায়।
চর গোড়কমণ্ডপে এখনো ভাঙনের কবলে রয়েছে প্রায় সাতটি পরিবার। তারপরও সরকারিভাবে ভাঙন রোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় হতাশ এ এলাকার মানুষ।
নদীতীরের বাসিন্দা ওই এলাকার প্রয়াত ছামাদ মিয়ার স্ত্রী আছিয়া বেওয়া (৫২) আক্ষেপ করে বলেন, “সবাই চইলা গ্যাছে। একরাইতে সাত বাড়ি লইয়া গেছে। আমরা নদীর কাচারে পইরা আছি। কোন জায়গায় যাব? যাওয়ার কোনো স্থান নাই। সরকার যদি কোনো ব্যবস্থা না করে, আমাগো নদীত ডুববাই মরতে হইব।”
এ গ্রামের প্রয়াত সমশের আলীর ছেলে কৃষক আয়েজ উদ্দিন (৪৫) বলেন, “ভাঙনে অনেকগুলা জমিজমা লইয়া গেছে। ইতোমধ্যে ১৫/২০টা বাড়ি সরাইছে। সরকার যদি বাঁধ না দেয়, তালে পাশেই ৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি মুজিব কেল্লাটিও ভাইঙ্গা যাইব।”
একই এলাকার প্রয়াত কবেজ আলীর ছেলে আব্দুর রহমান বলেন, “হঠাৎ করেই ধরলা নদীর তীব্র ভাঙনে লোকজন দিশেহারা হয়ে পড়েছে। আমার চোখের সামনে আয়নাল, আমির হোসেন, আফান উদ্দিন, ফয়জাল, বসির, আবু তাহের ও আয়শার বাড়িঘর নদীগর্ভে চলে গেল। এরা গরীব মানুষ। সরকারিভাবে কোনো সহযোগিতা দেওয়া হয় নাই। আমরা এখন এখানে বাঁধ চাই।”
এলাকায় ঘুরে দেখা গেল ভাঙন কবলিতদের দুর্দশার চিত্র। অসহায়রা ঘরবাড়ির ভাঙা অংশ বিভিন্ন মানুষের জমিতে ফেলে রেখেছেন। কোথায় যাবে এখনো ঠিক করতে পারছে না তারা।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম বলেন, “ভাঙন কবলিতদের জন্য আর্থিক কোনো বরাদ্দ নেই। গত এক বছর ধরে কোনো বরাদ্দ পাইনি। ফলে কিছু করার নেই। আমরা শুধু জনপ্রতিনিধিদের মাধ্যমে শুকনো খাবার ও ১০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছি।”
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে আবেদন পেলে এক থেকে দুই বান টিন সরবরাহ করে থাকি। বর্তমানে আমাদের কাছেও কোনো বরাদ্দ নেই। অগাস্টে বরাদ্দ পেলে সহযোগিতা করা যাবে।”
তিনি আরো বলেন, “চলতি বন্যা মৌসুমে কী পরিমান ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে তার সঠিক পরিসংখ্যান এখনো আমাদের হাতে পৌঁছেনি।”
বন্যার শুরুতে ৪৫৮টি পরিবার নদী ভাঙনের শিকার হওয়ার তথ্য পাওয়া যায় জানিয়ে তিনি বলেন, “গত এক মাসে এর সংখ্যা দ্বিগুণেরও বেশি হওয়ার কথা। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে ৯ উপজেলার নদী ভাঙনের শিকার মানুষের তথ্য পাওয়া যাবে।”
