Published : 02 Jun 2026, 01:45 PM
মেহেরপুরের গাংনীতে ‘চোরচক্রের সদস্য’ সন্দেহে অজ্ঞাত এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।
মঙ্গলবার সকালে উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়ির টায়ারের দোকান ঘিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাংনী থানার ওসি উত্তম কুমার দাস।
তবে নিহতের নাম-পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।
দোকান মালিক বাদল হোসেন বলেন, “ভোরবেলাতে জানতে পারি আমার দোকানে চুরি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে একজন অন্যরা পালিয়ে গেছে। ”
তিনি বলেন, “দোকানে আমার ছোট ভাই দোকানে ঘুমিয়ে ছিল। চোরচক্র দোকানের গ্রিল কেটে ও তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টাকালে ভাই শব্দ শুনে এবং সিসিটিভিতে চোরদের দেখে চিৎকার দেয় এবং আশপাশের লোকদের ফোন করে সাহায্য চাই।
“তখন স্থানীয় জনগণ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে চোর চক্রের চারজন সদস্য পালিয়ে যায় এবং একজন ধরা পড়ে যায়। পরে স্থানীয়দের পিটুনিতে তিনি নিহত হন।”
বাদল হোসেনের ছোট ভাই তুষার আহমেদ বলেন, “ভোরের দিকে চোর চক্রের ৪ থেকে ৫ জন দোকানের তালা কেটে টায়ার চুরির জন্য চেষ্টা করছিল। আমি চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে যায়। তখন একজন ধরা পড়ে। বাকীরা পালিয়ে যায়।”
বামন্দী পুলিশের ক্যাম্প ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, “আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছি। তবে এখনো নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি।”
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, “আমি সকালে শুনলাম গণপিটুনিতে চোর চক্রের এক সদস্য নিহত হয়েছে।”
স্থানীয় ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, “শুনেছি ভোরে চোর চক্রের এক সদস্যকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়েছে। পরে সকালে তার মৃত্যু হয়। আমরা ঘটনার খবর শুনে দেখতে এসেছি।”
ওসি উত্তম কুমার দাস বলেন, “নিহতের নাম ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে।”