বরিশালে আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
এ ছাড়া কার্যালয়টির শাটার ও জানালার গ্রিলে ঝুলিয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা ছবি।
বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের বন্ধ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া কার্যালয়টির শাটার ও জানালার গ্রিলে ঝুলিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা ছবি।
শুক্রবার ভোরে কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আওয়ামী লীগের তৃণমূলের কয়েকজন কর্মী কার্যালয়ের শাটার ও জানালার গ্রিলের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে চলে যান।
বানারীপাড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুস সালাম বলেন, “আওয়ামী লীগের পতাকা উত্তোলনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি।
“তবে কে বা কারা রাতের আঁধারে দুটি পতাকা ও ছবি রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি অস্পষ্ট থাকায় দলীয়ভাবে এখনো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, “আওয়ামী লীগের কোনো নেতাকর্মী প্রকাশ্যে এর দায় স্বীকার করেননি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের ওপর বিশেষ নজরদারি এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানান ওসি।
