১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে ‘চোর সন্দেহে’ দুজনকে পিটিয়ে হত্যা

“নিহত মজনু ও দীনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।”

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 01:07 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চোর সন্দেহে দুই ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

রোববার রাত দেড়টার দিকে জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম।  

নিহতরা হলেন- ছয়আনি গ্রামের বান্দু মিয়ার ছেলে দীন ইসলাম (২২) ও পাশের দশানী গ্রামের তোতা মিয়ার ছেলে মজনু (২৭)।

স্থানীয়রা বলছেন, রাতে জয়মন্টপ ইউনিয়নের ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে তালা ভাঙার চেষ্টা করে পাঁচজনের একটি চোরচক্র। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে গ্রামের লোকজন ছুটে আসেন। পরে এলাকাবাসী জড়ো হয়ে পাঁচজন চোরের মধ্যে দুজনকে ধরে পিটুনি দেয়।

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, নিহতদের মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, “নিহত মজনু ও দীনের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। তারা দুজনই পুলিশের ‘তালিকাভুক্ত’ চোর ছিলেন।”