সিরাজগঞ্জ-৬: বিএনপির নামে মনোনয়ন ফরম নিলেন ‘বঞ্চিত’ ২ নেতা
এ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে ‘বঞ্চিত’ হয়েও দলের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির দুই নেতা।
তারা হলেন- সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এবং শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম সমন্বয়ক গোলাম সরোয়ার এবং জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সহসভাপতি শফিফুল ইসলাম ছালাম।
তবে দলের নাম ব্যবহার করে একই আসনে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহে কোনও বাধা নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।
শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সিরাজগঞ্জ জেলা কমিটির প্রধান উপদেষ্টা এম এ মুহিত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপি নেতা গোলাম সরোয়ার বলেন, “দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু পাইনি। তারপরও নেতাকর্মীদের চাহিদার কারণে দলের নামেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।
“প্রাথমিক মনোনয়ন পাওয়া এম এ মুহিতের মনোনয়ন দল এখনো চূড়ান্ত করেনি। তাই আশা করছি মনোনয়ন প্রাপ্তির ক্ষেত্রে দল আমার বিষয়টি পুনর্বিবেচনা করবে।”
আরেক বিএনপি নেতা শফিকুল ইসলাম ছালাম বলেন, “ঢাকায় আন্দোলন করতে গিয়ে ২০২৩ সালের ২৮ অক্টোবর গুলি খেয়েছি। জুলাই আন্দোলনের সময়ও রাজপথে থেকে সক্রিয় ছিলাম। দলের কাছে মনোনয়ন চেয়েও পাইনি। তারপরও দলের নামেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আশা করছি, চূড়ান্ত মনোনয়নের ক্ষেত্রে দল বিষয়টি পুনর্বিবেচনা করবে।”
এদিকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে মনোনয়ন বঞ্চিত তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরও দলের নামে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, “দল থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন দিয়ে চিঠি দেওয়া হবে আমরা তাকেই প্রতীক বরাদ্দ দেব। এক্ষেত্রে বাকিদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।”
