১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফেনীর এটিএম বুথগুলোতে টাকা নেই, গ্রাহক ভোগান্তি চরমে

টাকা না থাকায় বুথগুলোর শাটার নামিয়ে নোটিস টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2024, 10:08 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

ঈদের আগে ফেনীতে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে টাকা না পেয়ে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। 

বৃহস্পতিবার রাত থেকে রোববার বিকাল পর্যন্ত বেশিরভাগ এটিএম বুথে দফায় দফায় গিয়েও টাকা তুলতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক গ্রাহক। 

রোববার বিকালে শহরের মার্কেন্টাইল, যমুনা, ব্যাংক এশিয়া, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, এনআরবি গ্লোবাল ইসলামী ব্যাংক, এনআরবিসি ব্যাংকের বুথ বন্ধ থাকতে দেখা যায়। 

টাকা না থাকায় বুথগুলোর শাটার নামিয়ে নোটিস টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে। 

আবু সাঈদ নামে মার্কেন্টাইল ব্যাংকের এক গ্রাহক বলেন, “শনিবার দুপুর থেকে রোববার দুপুর পর্যন্ত ৪/৫ বার এটিএম বুথে গিয়ে ফেরত আসতে হয়েছে। ঈদের এই জরুরি প্রয়োজনের সময় যদি টাকা তুলতে না পারি তাহলে ব্যাংকে টাকা রেখে কী লাভ হল?” 

ব্যাংক এশিয়ার গ্রাহক শিক্ষক আবদুল্লাহ আল মামুন বলেন, “রোববার বিকালে বাধ্য হয়ে ভিসা কার্ড ব্যবহার করে ডাচ্ বাংলা ব্যাংক থেকে টাকা তুলতে হয়েছে। এতে গুনতে হয়েছে অতিরিক্ত টাকা।” 

শরিফুল ইসলাম নামে এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “জরুরি প্রয়োজনের সময় যদি টাকা তুলতে না পারি তাহলে বুথের কী দরকার? আর বাংলাদেশ ব্যাংকতো নির্দেশ দিয়েছে, ঈদের ছুটিতে বুথে পর্যাপ্ত টাকা রাখার জন্য। তারপরও ব্যাংকের বুথে টাকা নাই কেন?” 

সোনালী, রুপালী, পূবালী, সাউথ-ইস্ট, সিটি, ইসলামী, এশিয়া, এক্সিম, ডাচ বাংলাসহ বিভিন্ন ব্যাংকের নিজস্ব এটিএম বুথ রয়েছে ফেনীতে। 

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের কাজী প্লাজায় অবস্থিত মার্কেন্টাইল ব্যাংকের এটিএম বুথ এ দায়িত্বরত নিরাপত্তা কর্মী বেল্লাল হোসেন জানান, শনিবার থেকেই এ এটিএম বুথে টাকা নেই। রোববার সন্ধ্যা পর্যন্ত টাকা আসেনি। এজন্য এটিএম বুথ সাময়িক বন্ধ আছে বলে নোটিস টানানো হয়েছে। 

ফেনী শহরের ট্রাংক রোড মডেল থানার বিপরীতে ডাক্তারপাড়া মোড়ের ইসলামী ব্যাংকের বুথেও টাকা নেই বৃহস্পতিবার থেকে। 

ওই বুথের নিরাপত্তা কর্মী আমির হোসেন জানান, সর্বশেষ বৃহস্পতিবার বুথে টাকা দেওয়া হয়েছিল। যা এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। শুক্র, শনি ও রোববার তিনদিন ধরে টাকা নেই।”

জেলা শহরের মত উপজেলা শহরেও ব্যাংকের বিভিন্ন বুথে টাকা না পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। 

নাম প্রকাশে অনিচ্ছুক সাউথ-ইস্ট ব্যাংক ফেনী ব্রাঞ্চের একজন এক্সিকিউটিভ অফিসারের দাবি, ব্যাংক বন্ধের আগে তাদের বুথে নির্দিষ্ট পরিমাণ টাকা লোড করা হয়েছিল। কিন্তু ইসলামি ব্যাংকের বুথে টাকা না থাকায় ওইসব গ্রাহক এ বুথ থেকে টাকা তোলায় টান পড়েছে। 

তিনি আরও জানান, ব্যাংক বন্ধ থাকায় ঈদের ছুটি শেষ না হলে বুথে টাকা দেওয়া যাবে না। 

এ বিষয়ে ফোনে ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক সানা উল্লাহর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি ব্যাংক এশিয়া ফেনী শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নজরুল ইসলামের।