২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত

এ সময় আরও তিনজন আহত হয়েছেন।

গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2025, 09:16 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। 

মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জামিরারচর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম জানান। 

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ইটনা উপজেলার কৃষ্টপুর গ্রামের আবুল কালামের ছেলে মো. তৌহিদুল্লাহ্ (২৫), কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) এবং তার তিন বছর বয়সী ছেলে শায়ান।

পুলিশ জানায়, অটোরিকশায় ছয় যাত্রী ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন। পথে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবাই গুরুতর আহত হন। 

আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তৌহিদুল্লাহ্ ও শিশু শায়ানকে মৃত ঘোষণা করেন। রত্না আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলে পথেই তিনি মারা যান। 

আহত আবুল কালাম (৫৫), তার স্ত্রী মোছা. তাছলিমা (৪৫), মেয়ে সুবর্ণাকে (২০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিদর্শক রবিউল বলেন, বাসটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।