নিখোঁজ কাস্টমস কর্মীর টুকরো টুকরো লাশ উদ্ধার, কেয়ারটেকার পলাতক
স্থানীয়রা পুকুরে বস্তা ভাসতে দেখে ফুলবাড়িয়া থানায় খবর দেয়।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নিখোঁজের ১০ দিন পর এক কাস্টমস কর্মীর টুকরো টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত রাকিব রায়হান তালুকদার (৪০) উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকার মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে। তিনি ঢাকার কমলাপুরে কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহী হিসাবে কর্মরত ছিলেন।
রোববার বিকালে বাড়ির পাশে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান জানান।
ঘটনার পর থেকে রাকিবের বাড়ি কেয়ারটেকার রাজু মির্জা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
স্বজনদের বরাতে পুলিশ জানায়, রাকিব প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাড়িতে আসতেন এবং শনিবার কর্মস্থলে চলে যেতেন।
২৪ জুলাই বিকাল থেকে রাকিবের কোনো খোঁজ পাচ্ছিল না স্বজনরা। তার আত্মীয়-স্বজন ও কর্মস্থলে যোগাযোগ করেও তার কোনো সন্ধান মিলেনি। তিন দিন পর ২৭ জুলাই তার বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে রাকিব রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা পলাতক রয়েছেন। এর মাঝে উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে রাকিবের ব্যবহৃত মোটরসাইকেলের চাবি উদ্ধার করে পুলিশ।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, “দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে বস্তা ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে।
“মরদেহ টুকরা টুকরা করে রাকিবের ব্যবহৃত তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়।”
মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাকিব নিখোঁজের বিষয়ে করা সাধারণ ডায়েরির তদন্ত করছেন এসআই শুভ্র সাহা। তিনি বলেন, “কেয়ারটেকার রাজুর পাশাপাশি আরও তিন-চারজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তার করতে আমি জেলার বাইরে অভিযানে আছি। থানা থেকে আমাকে জানানো হয়েছে, রাকিবের মরদেহ বিকালে উদ্ধার করা হয়েছে।”
ওসি রাশেদুল বলেন, “তবে, কেন এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি। তা জানতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
নিহত রাকিবের বড় ভাই নুরুল ইসলাম বলেন, “প্রায় ৫ বছর আগে রাকিব বৃদ্ধ মাকে দেখাশোনা করার জন্য রাজুকে এনেছিল। রাজু মায়ের দেখভাল করত এবং স্থানীয় একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ালেখা করত।
“রাকিবের যাবতীয় হিসাব-নিকাশ রাজু দেখাশোনা করত। টাকার লোভেই রাজু আমার ভাইকে খুন করছে।”
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন সন্ধ্যায় বলেন, “লাশের সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।”
