Published : 03 Jul 2026, 09:03 PM
পাবনা শহরে কালেমাখচিত সাদা ও কালো পতাকা নিয়ে একটি মিছিল হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মিছিল থেকে ধর্মীয় স্লোগান দেওয়া হয়। পাশাপাশি গাইবান্ধায় রাম মন্দির নির্মাণের বিরোধিতা এবং ঢাকার হানিফ ফ্লাইওভার থেকে কালেমাখচিত পতাকা নামিয়ে ফেলার প্রতিবাদ জানানো হয়।
বৃহস্পতিবার বিকালে শহরের আব্দুল হামিদ সড়কে ‘পাবনার তরুণ আলেম ও ছাত্র-জনতা’ ব্যানারে মিছিলটি বের হয়। মিছিলটি বাণী সিনেমা মোড় ঘুরে আবার শহীদ চত্বর এলাকায় গিয়ে শেষ হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, শহরের ট্রাফিক মোড় শহীদ চত্বর এলাকা থেকে পাঞ্জাবি ও টুপি পরিহিত ৫০ থেকে ৬০ জনের একটি দল মিছিল শুরু করে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। মিছিল চলাকালে সড়কের পাশে পুলিশ সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মিছিলের বিষয়ে এবং ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে পাবনার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ বলেন, “মিছিলের বিষয়ে পুলিশের কাছে কোনো পূর্ব তথ্য ছিল না। আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি বলেন, “কালেমাখচিত পতাকা নিয়ে যদি কোনো অপতৎপরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা থাকে, তা কঠোরভাবে দমন করা হবে।”
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম বলেন, “এ ধরনের কোনো মিছিলের বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।”
মিছিলের আয়োজকদের বক্তব্য জানতে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও তাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করা যায়নি।