২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে প্রাণী চিকিৎসককে মারধর: তরুণী গ্রেপ্তার, বিচার দাবি

প্রাণী চিকিৎসককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 06:10 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

ময়মনসিংহ নগরের একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, ভাঙচুর ও টাকা লুটের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার ভোরে তাকে নগরীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।  

এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক মো. আশিকুর রহমান ময়মনসিংহের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ছাত্রদল নেতা তালহাজুর রহমান, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবের নাম দিয়ে অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

আশিকুর রহমান নগরের জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বারে বিড়ালের চিকিৎসা ও আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।

অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে আশিকুরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। প্রতিবাদ জানালে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এ সময় তাকে বাঁচাতে এলে দোকানের কর্মী ঈশান আহমেদ, ঈশানের স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয়।

এ সময় মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান (প্রতীক) ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন এবং একপর্যায়ে নিজেও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন। ঘটনার পর শনিবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনার একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসককে পেটাতে থাকেন।

হামলাকারীদের বিচার দাবি

এদিকে প্রাণী চিকিৎসক আশিকুর রহমান ও মো. আব্দুল হান্নানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে চিকিৎসকদের ওপর হামলা, চেম্বারে ভাঙচুর ও চিকিৎসাসেবা বাধাগ্রস্ত করার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে হামলায় জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী বুরহান উদ্দিন সিয়াম বলেন, “একজন প্রাণী চিকিৎসকের ওপর যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানাই। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান, ঘটনার পেছনে যারা জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক বাহানুর রহমান বলেন, “দুই ভেটেরিনারি চিকিৎসক মো. আব্দুল হান্নান ও মো. আশিকুর রহমান শারীরিকভাবে হামলার শিকার হয়েছেন। আমরা আশা করি, সরকার এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং যারা দায়ী তাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক মো. আবদুল আলীম বলেন, “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও প্রাক্তন ছাত্র হিসেবে ঘটনাটি আমাকে যেমন ব্যথিত করেছে, একই সঙ্গে একজন ভেটেরিনারিয়ান হিসেবেও আমি অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।”

আরও পড়ুন:

ময়মনসিংহে জুতা দিয়ে প্রাণী চিকিৎসককে মারধরের ভিডিও, ছাত্রদল নেতা