২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পদযাত্রায় ‘অনাকাঙ্ক্ষিত’ কিছু হলে দায় প্রশাসনের: এনসিপি

বৃহস্পতি ও শুক্রবার সিলেটের কয়েকটি উপজেলায় এনসিপির কর্মসূচি রয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 08:19 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

সিলেটে পূর্বনির্ধারিত পদযাত্রায় ‘অনাকাঙ্ক্ষিত’ কোনো ঘটনা ঘটলে তার দায় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে বলে বলেছেন এনসিপি নেতারা।  

বুধবার দুপুরের দিকে সিলেট নগরীর জেল রোড এলাকায় হোটল পানসি ইনের হল রুমে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এসব কথা বলেন সংগঠনের সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ। 

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। বুধবার হবিগঞ্জে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 

এসব প্রসঙ্গ এনে এনসিপি নেতা বলেন, “বৃহস্পতি ও শুক্রবার সিলেটের কয়েকটি উপজেলার এনসিপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচি চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে।” 

সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে দেশে কোনো ধরনের ‘মব’ হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনায় প্রশাসন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।”

সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট জেলা ও উপজেলা পর্যায়ের দলটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়। তালিকায় রয়েছেন- এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমেদ, সদস্যসচিব কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান খাঁন, সিনিয়র সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, সামসুল ইসলাম ও নুরুল ইসলাম, যুগ্ম সদস্যসচিব সাদি জামালি, সদস্য আলমাস মিয়া ও সুয়েব আহমদ। 

এ ছাড়া এনসিপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন- ওসমানীনগর উপজেলার মোশাহিদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলার উবায়েদ আহমেদ এবং গোয়াইনঘাট উপজেলার মনসুরুল হাসান।

সংবাদ সম্মেলনে দলটির ফেঞ্চুগঞ্জ উপজেলা আহ্বায়ক সুমেল মিয়া, ওসমানীনগর উপজেলা সদস্য সচিব মনিরুল সাকিব, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সিলেট সদর উপজেলা সহসাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, বিশ্বনাথ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম খলিলুল্লাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক তানজিল আহমদ, সিলেট সদর উপজেলা সদস্যসচিব জাকির হোসেন এবং সিলেট সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো.  সামসুল আলম উপস্থিত ছিলেন।