০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রংপুরে ফুল সংগ্রহে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারের বেদীতে ফুল দিতে চেয়েছিল শিশুটি। সেজন্য ফুল সংগ্রহে স্থানীয় একজনের বাড়িতে যায় সে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 11:24 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

রংপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য ফুল সংগ্রহ করতে যাওয়া চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

শুক্রবার সকাল ৬টার দিকে মিঠাপুকুর উপজেলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়ে থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

ওসি বলেন, শিশুটি ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারের বেদীতে ফুল দিতে চেয়েছিল। সেজন্য ফুল সংগ্রহে শিশুটি সকালে স্থানীয় রুহুল আমিনের (৫৫) বাড়িতে যায়। শিশুটি যখন ওই বাড়ির বাগান থেকে ফুল সংগ্রহ করছিল তখন তাকে জোর করে ঘরে নিয়ে ধর্ষণ করে রুহুল আমিন।

এ সময় শিশুটি চিৎকার করলে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে কয়েকজন তা শুনতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে। এ সময় রুহুল আমিন পালিয়ে যায়।

রুহুল আমিন পেশায় একজন সার্ভেয়ার। তার পুরো পরিবার ঢাকায় থাকে।

বাসায় নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে দ্রুত মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে উদ্ধার করে প্রথমে মিঠাপুকুর থানায় এবং দুপুরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যায়। শিশুটি বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।

ওসি আবু বক্কর জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। রুহুল আমিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।