‘সংবাদ প্রকাশের জের’: সাংবাদিককে কুপিয়ে জখম, মা-স্ত্রী আহত
সরকারি অর্থায়নে নির্মিত একটি কালভার্ট কাঠের গেইট বানিয়ে বন্ধ করে রাখার ঘটনায় সংবাদ প্রকাশ করেন মাইনউদ্দিন।
‘সংবাদ প্রকাশের জেরে’ ঝালকাঠির নলছিটি উপজেলায় এক সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়েছে। বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকের স্ত্রী ও মা।
উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানান।
গুরুতর আহত অবস্থায় সাংবাদিক খান মাইনউদ্দিনকে (৪০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্ত্রী তানজিলা আক্তার ও মা লিলি বেগম।
খান মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান এবং আঞ্চলিক দৈনিক দখিনের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক।
মাইনউদ্দিনের ভাগিনা শাকিল খান অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে নলছিটির দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামের সরকারি অর্থায়নে নির্মিত একটি কালভার্ট কাঠের গেইট বানিয়ে বন্ধ করে রাখার ঘটনায় সংবাদ প্রকাশ করেন মাইনউদ্দিন। সংবাদ প্রকাশের পর ওই এলাকার আবু হোসেন হাওলাদার (আবু ড্রাইভার), তার ছেলে ইমরান হাওলাদার, রিয়াজ হাওলাদার, মুসা হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার, হাবিব সিকদারের ছেলে নিশাত সিকদার, আলম হাওলাদার, সানি হাওলাদারসহ ১০-১২ জন লোক রামদা, চাপাতি, ছুরি, লোহার রড, হাতুড়ি নিয়ে মাইনউদ্দিনের বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায়।
“অস্ত্রের আঘাতে তার ডান কপাল ও চোখের মধ্যবর্তী জায়গা থেকে প্রায় এক ইঞ্চি ক্ষত হয়ে মাংস বেড়িয়ে যায়। এরপর অচেতন হয়ে পড়লে লাঠি দিয়ে পিটিয়ে তার বাম হাত ভেঙে ফেলে সন্ত্রাসীরা। বাঁচাতে গেলে লাঠির আঘাত থেকে মা লিলি বেগমের হাতের তিনটি আঙুল ভেঙে যায়। আর স্ত্রীর বাম হাঁটুসহ সারা শরীরে ফোলা-জখমের চিহ্ন রয়েছে।”
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মাইনউদ্দিন ও তার পরিবারকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শাকিল বলেন, “আজ ডাক্তারের সঙ্গে সব রিপোর্ট নিয়ে কথা বলবো। ডাক্তার বললে, রাতের মধ্যেই ঢাকা নিয়ে যাবো। মামার আজ সকালে জ্ঞান ফিরলেও চোখ মেলতে পারছেন না, কোনো কথাও বলছেন না। তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায়।”
মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আজকের মধ্যেই আবু ড্রাইভার ও তার ছেলে ইমরানকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা করা হবে।”
এ ব্যাপারে আবু হোসেন হাওলাদার বলেন, “আমরা হামলা চালিয়েছি এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের পরিবারের একটি বিয়েতে ওদের দাওয়াত দেইনি এটাই অপরাধ। ঘটনার আগে ওর মা, বোন এবং স্ত্রী হাতে দা নিয়ে আমাদের হুমকি দেয়। আমরাও এগিয়ে গেলে ওদের দায়ের আঘাত আমার গায়েও লাগে এবং ধস্তাধস্তিতে মাইনউদ্দিনের কপালেও বেশিটা লাগে।
“আমিই ওকে বরিশাল হাসপাতালে নিয়ে যাই। তবুও ওর ভাই গিয়াস হাসপাতালেই আমার গায়ে হাত তোলে এবং মোটরসাইকেলে উঠিয়ে আমাকে মারার জন্য নিয়ে যায়। কোনোমতে বেঁচে ফিরেছি। এলাকায় খোঁজ নিলে দেখবেন ওদের কথা কেউ ভালো বলবে না।”
নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, “একজন সাংবাদিকের ওপর হামলা হয়েছে শুনেছি। এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
