নলছিটিতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন সংস্কারের দাবি
“অনেক স্থানে বিদ্যুতের খুঁটি না থাকায় গাছের সঙ্গে তার বেঁধে সংযোগ দেওয়া হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।”
ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে নতুন খুঁটি স্থাপনের দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার বেলা ১১টায় নলছিটির দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি এলাকাবাসীর উদ্যোগে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রায় ৭০টি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেন। বক্তব্য রাখেন, ভুক্তভোগী বাসিন্দা লোকমান হোসেন, সজীব হোসেন, নাইম হোসেন এবং বালী তাইফুর রহমান তূর্য।
লোকমান হোসেন বলেন, দপদপিয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার না করায় জননিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। বর্ষাকালে বিদ্যুতের তারে লিকেজ হয়ে গাছপালা বিদ্যুতায়িত হচ্ছে, ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
সজীব হোসেন বলেন, অনেক স্থানে বিদ্যুতের খুঁটি না থাকায় গাছের সঙ্গে তার বেঁধে সংযোগ দেওয়া হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে।
বক্তারা পৌরসভার কান্ডপাশা, শংকরপাশা, দক্ষিণ গৌড়িপাশা ও নান্দিকাঠী এলাকার ঝুলে থাকা ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে নতুন খুঁটি স্থাপনের দাবি জানান।
মানববন্ধন শেষে নলছিটি ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্মারকলিপি দেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে নলছিটি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আবাসিক প্রকৌশলী ইঞ্জিনিয়ার সুব্রত মালাকার বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি তারা দেখবেন।”
