Published : 07 Jun 2026, 05:32 PM
শেরপুরে ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার যুবককে রোববার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জামালপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার আসামি জাহিদ হাসান রাব্বি (২০) ঢাকার টঙ্গী পশ্চিম থানার মোল্লা প্লাজা এলাকার কলেজ গেইটের কাছে অবস্থান করছে। শনিবার দুপুরে র্যাব-১৪ (ময়মনসিংহ) ও র্যাব-১ (উত্তরা) যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার বরাতে র্যাব জানায়, মাদ্রাসায় যাতায়াতের সময় ছাত্রীকে উত্যক্ত ও বিভিন্ন কুপ্রস্তাব দিত রাব্বি। বিষয়টি জানতে পেরে ছাত্রীর পরিবার ও স্থানীয়রা তাকে সতর্ক করেন।
এতে ক্ষুব্ধ হয়ে গত বছরের ৩০ নভেম্বর বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে রাব্বি ও তার সহযোগীরা ওই ছাত্রীকে অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরে স্থানীয় সালিশের মাধ্যমে ছাত্রীকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়। তখন সে জানায়, অপহরণের পর তাকে জোরপূর্বক বিয়ে করে ধর্ষণ করা হয়েছে।
ওই ঘটনায় ছাত্রীর বাবা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল, শেরপুরে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে নালিতাবাড়ী থানাকে নিয়মিত মামলা হিসেবে রুজুর নির্দেশ দেয়। ঘটনার পর থেকেই প্রধান আসামি জাহিদ হাসান রাব্বি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।