জেলা পরিষদ নির্বাচন : চাঁদপুরে আওয়ামী লীগ সরগরম, বিএনপি’র না
এই নির্বাচনে চাঁদপুরে মোট ভোটার সংখ্যা এক হাজার ২৭৩ জন।
তফসিল ঘোষণার পর থেকেই চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরগরম হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা। তবে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ঘরোনার নেতা-কর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করলেও, উল্টো চিত্র দেখা যাচ্ছে বিএনপির মধ্যে।
গত ২৩ অগাস্ট এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চাঁদপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।
চাঁদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, “এবার নির্বাচন হবে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুসারে। সংশোধিত এ আইন অনুযায়ী, এবার জেলা পরিষদে নির্বাচিত হবেন ১২ জন; এর মধ্যে একজন চেয়ারম্যান, আটজন সাধারণ সদস্য এবং তিনজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন।
তিনি জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা এক হাজার ২৭৩ জন।
তফসিল ঘোষণার পরই সম্ভাব্য প্রার্থীরা নিজে কিংবা সমর্থকদের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হওয়ার ব্যাপারে জানান দিতে শুরু করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমান প্রশাসক যেমন আছেন, তেমনি আছেন আওয়ামী লীগের জেলা কমিটির শীর্ষস্থানীয় নেতা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও যুবলীগের নেতাও।
প্রথমবারের মতো ২০১৬ সালের ২৯ ডিসেম্বর চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন বর্তমান প্রশাসক আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
নির্বাচন প্রসঙ্গে ওচমান গনি বলেন, “জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক পদে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছি। এ ব্যাপারে আমার কোনো ত্রুটি ছিল না। অনেক উন্নয়ন কাজ করেছি। ব্যক্তিগতভাবেও অনেক লোকজনকে সহযোগিতা করেছি।
“আমি দলের প্রতি শ্রদ্ধাশীল। দল থেকে মনোনয়ন দেওয়া হলে, নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিব।”
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
নঈম বলেন, “দলীয় নেতা-কর্মী ও সাধারণ লোকজনের জন্য দীর্ঘদিন যাবত কাজ করেছি। এখন দল থেকে যদি চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়, তাহলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।”
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী বলেন, “দলের নেত্রীর সিদ্ধান্তের ওপরই সবকিছু নির্ভর করছে। তিনি যদি আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেন, তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবো।”
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ বলেন, “আমি দীর্ঘদিন মুক্তিযোদ্ধা সংসদের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থেকে জেলাবাসীর কল্যাণে ব্যক্তিগতভাবে কাজ করেছি। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছি।”
তিনি বলেন, “জেলা পরিষদ নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেহেতু আমি মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার কাছে দলীয় মনোনয়ন চাইবো। একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আমাকে দলীয় মনোনয়ন দিলে, আমি নির্বাচনে অংশগ্রহণ করবো।”
দলের সিদ্ধান্তই ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ জানিয়ে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া বলেন, “আমি দীর্ঘদিন যাবত রাজনীতির সাথে জড়িত। দলীয় লোকজনের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি। দল যেই সিদ্ধান্ত দিবে, সেই অনুযায়ী কাজ করবো।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য, আমরা মুক্তিযাদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সভাপতি জাফর ইকবাল মুন্না বলেন, “আওয়ামী লীগ দলীয় নমিনেশন দিলে আমি চেয়ারম্যান পদে জেলা পরিষদ নির্বাচন করতে চাই। তবে দলের বাইরে গিয়ে কখনোই নির্বাচন করার কোনো ইচ্ছে বা আগ্রহ আমার নেই।”
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে সম্ভাব্য প্রার্থী আলী আক্কাস পাটওয়ারী বলেন, “আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজ এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের জনগণের সেবা করে যাচ্ছি। আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই।”
সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ইকবাল হোসেন পলাশ পাটওয়ারী বলেন, “আমি আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হলে শাসক নয় জনগণের সেবক হয়ে কাজ করবো।”
এদিকে আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের বিএনপির জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা।
জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। আমরা চেয়ারম্যান কিংবা সদস্য পদে কাউকে মনোনয়ন বা সমর্থন জানাবো না। আমরা এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনেই অংশগ্রহণ করবো না।”
তবে দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের আলোকে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি জানান তিনি।
নির্বাচনে মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ ১৭ অক্টোবর।
