আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদ উদ্যাপন
ওইসব এলাকার কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে একই দিন রোজা শুরু করেন; একই দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন।
প্রতিবারের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বেশ কিছু স্থানে ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে।
এর মধ্যে চট্টগ্রাম, দিনাজপুর, জামালপুর, ঝিনাইদহ, পটুয়াখালী, মুন্সীগঞ্জের, লালমনিরহাটের বিভিন্ন এলাকা রয়েছে।
এসব এলাকার মুসলমানরা সৌদি আরবের সঙ্গে একই দিন রোজা শুরু করেন; একই দিন ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপন করছেন চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা।
এ দরবারের অনুসারীরা বহু বছর ধরে বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে সব ধর্মীয় অনুষ্ঠানাদী করে আসছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন তারা।
দরবারের অনুসারী ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক সারোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৯টায় দরবার শরীফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
দরবারের বর্তমান সাজ্জাদানশীল শাহ জাহাঁগীর তাজুল আরেফীনের (ক.) তত্ত্বাবধানে মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান ঈদ জামাতের ইমামতি করেন।
তিনি বলেন, “সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাব মতে বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে শতাধিক বছর আগে থেকে এভাবে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজাহা এবং চন্দ্র মাসের সঙ্গে সম্পৃক্ত সব ধর্মীয় অনুশাসন মেনে আসছে।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়া, চরতী, সুইপুরা, গাটিয়া ডেঙ্গা, চন্দনাইশের হারলা, কাঞ্চননগর, বাদামতল, পশ্চিম এলাহাবাদ, বাইনজুরি, কেশুয়া, কানাইমাদারী, সাতবাড়িয়া, দোহাজারি।
বাঁশখালীর চাম্বল, কালিপুর, শেখের খীল, ভাদালিয়া, হাছনদণ্ডী, চর বরমা, আলীনগর; পটিয়ার বাহুলী, পারিগ্রাম মোল্লাপাড়া, আলমদার পাড়া, হাইদগাঁও, আনোয়ারার বরুমছড়া, বরকল, তৈলার দ্বীপসহ আরও কিছু গ্রামের বেশকিছু মানুষ শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন।
দিনাজপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদরসহ জেলার বিভিন্ন উপজেলার কিছু স্থানে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
শুক্রবার সকাল ৮টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিতে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জামাতে প্রায় দেড় শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।
এখানে আলাদা ব্যবস্থায় নারীরাও নামাজে অংশ নেন। নামাজে ইমামতি করেন বিরলর উপজেলার মহেশপুর দাখিল মাদরাসার পরিচালক মাওলানা আব্দুর রাজ্জাক।
তার ভাষ্য, “এই বিশ্বে চন্দ্র-সূর্য একটাই। পৃথিবীর যেকোনো স্থানে ঈদের চাঁদ দেখা গেলেই ঈদ উদ্যাপন করতে হবে। আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা শুরু করি ও ঈদ উদ্যাপন করি।”
তিনি আরও জানান, তাদের সঙ্গে জেলার চিরিরবন্দর, কাহারোল, বিরামপুর, বীরগঞ্জসহ জেলার আরও কিছু এলাকায় আজ ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে।
জামালপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার অন্তত ১৫টি গ্রামের মানুষ ঈদ উদ্যাপন করছেন।
সরিষাবাড়ী উপজেলার বলারদিয়ার, মূলবাড়ি, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ, বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা ও দক্ষিণ বলারদিয়ার গ্রামের ৫ শতাধিক নারী-পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
শুক্রবার সকাল ৮টায় দক্ষিণ বলারদিয়ার গ্রামে মাস্টারবাড়ি জামে মসজিদ ঈদগা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। এতে আজিম উদ্দিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
আজিম উদ্দিন জানান, দেড় যুগ ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন।
ঝিনাইদহ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতেও ঈদুল ফিরত উদ্যাপন করছেন কয়েকটি গ্রামে মুসল্লিরা।
শুক্রবার সকালে উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার শিঙ্গা, শিতলী, ভালকী ও পায়রাডাঙ্গাসহ কয়েকটি গ্রামের শতাধিক মুসল্লি নামাজের জামাতে শরিক হন। নামাজের ইমামতি করেন ঈদ জামাত কমিটির সভাপতি বজলুর রহমান।
হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুল আজিফ জানান, এ ছাড়া উপজেলার পায়রাডাঙ্গা, ভালকি ও নিত্যানন্দপুরেও ঈদের ছোট ছোট জামাত অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী
পটুয়াখালী বদরপুর দরবার শরীফসহ জেলার ২৭ গ্রামে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে।
শুক্রবার সদর উপজেলার বদরপুর দরগাহ শরীফ জামে মসজিদে সকাল ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন ওই মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি।
দরবার শরীফের পরিচালক মো. নাজমুস সাহাদাত বলেন, “সৌদি আরবে ঈদের চাঁদ দেখা গেছে তাই আমরা ঈদুল ফিতর উদ্যাপন করছি।”
সদর উপজেলার বদরপুর ছাড়াও জেলার কলাপাড়া, বাউফল, গলাচিপা, দশমিনা ও দুমকি উপজেলার অন্তত ২৭ গ্রামে ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে।
মুন্সীগঞ্জ
একইভাবে মুন্সীগঞ্জের নয় গ্রামে শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গ্রামগুলো হচ্ছে- সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরা একাংশ। এর মধ্যে শিলই গ্রামে মাঝিবাড়ি সংলগ্ন ঈদগায় সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
গ্রামগুলোর প্রায় পাঁচ হাজার মানুষ কয়েক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজ শুরু ও ঈদ উদ্যাপন করে আসছে।
শিলই গ্রামের ব্যাংকার মো. মাসুদ বলেন, “পৃথিবীর যে কোনো স্থানে চাঁদ দেখা দিলে সেই অনুযায়ী ঈদ উদ্যাপন করা উচিত। তাই আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করছি।”
লালমনিরহাট
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার পাঁচটি গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পাঁচ শতাধিক মুসল্লি।
শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। মুন্সিপাড়া ঈদগা মাঠে নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল মাজেদ।
২০১১ সাল থেকে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি চর, তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি মুন্সিপাড়া জামে মসজিদ, চন্দ্রপুর ইউনিয়নের পানি খাওয়ার ঘাট ও একই ইউনিয়নের বোতলা এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু ও ঈদ উদ্যাপন হয়ে আসছে।
কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রাজিবপুর উপজেলায় তিনটি ইউনিয়নের কয়েকশ মানুষ শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
সকাল সাড়ে ৮টায় ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিটপাইকের ছড়া ও পাইকডাঙ্গা গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।
এ ছাড়া রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ এবং কোদালকাটি ইউনিয়নে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
পাইকডাঙ্গা গ্রামে ঈদ নামাজের ইমামতি করেন মোহাম্মদ তামিম হোসেন এবং ছিটপাইকের ছড়া গ্রামে নামাজের ইমামতি করেন মোহাম্মদ মোকছেদুল ইসলাম।
সাতক্ষীরা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার সাতক্ষীরার বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার বাউকোলা, ভাড়ুখালী, আখড়াখোলা, তলুইগাছা, তালা উপজেলার ইসলামকাটি, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া, পাইকগাছা, খলিলনগর এলাকার অনেকেই ঈদের নামাজ আদায় করেছেন।
সকাল সাড়ে ৭টায় বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে মাওলানা মোহাব্বত আলীর ইমামতিতে নামাজ আদায় করেন ৬৫-৭০ নারী-পুরুষ।
মাওলানা মোহাব্বত আলী বলেন, “আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থাকি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি। আমরা আজ ঈদ উদযাপন করছি।
