নেত্রকোণা-১: নৌকাকে সমর্থন দিয়ে সরে গেলেন ঈগলের প্রার্থী
“আমার সকল নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে নৌকার পক্ষে কাজ করব।”
নেত্রকোণা-১ আসনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ভোটের মাঠে থেকে সরে দাঁড়িয়েছেন।
কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আফতাব উদ্দিন। আর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী।
মঙ্গলবার এক ভিডিও বার্তায় ঈগলের প্রার্থী আফতাব উদ্দিন এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলাম। এখন থেকে আমি আওয়ামী লীগ মনোনীত মোস্তাক আহমেদ রুহীর নৌকার প্রতীককে সমর্থন জানালাম।
“আজকে থেকে তার পক্ষে প্রচার চালাব এবং আমার সকল নেতাকর্মী ও ভোটারদের নিয়ে রুহী সঙ্গে কাজ করব।”
এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা, জাতীয় পার্টি সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আহমদ শফী।
এলাকার ভোটারদের ভাষ্য, নেত্রকোণা-১ আসনে নৌকা ও ট্রাক প্রতীকের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
নেত্রকোণা-১ আসনে মোট ৪ লাখ ১৮ হাজার ৬৭ জন ভোটার রয়েছে। যার মধ্যে ২ লাখ ১২ হাজার ৬২৫ জন পুরুষ ও ২ লাখ ৫ হাজার ৪৩৮ জন নারী ভোটার রয়েছেন।
