১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে কবর থেকে কঙ্কাল চুরি, ৫ যুবক আটক

কয়েকদিন আগে বীরগঞ্জ উপজেলার দুটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

দিনাজপুরে কবর থেকে কঙ্কাল চুরি, ৫ যুবক আটক

কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় জড়িত সন্দেহে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে আটক পাঁচ যুবক।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 05:44 PM

Updated : 28 Aug 2023, 08:12 PM

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বালাপুকুর কবরস্থানের পাশ থেকে তাদের আটক করা হয় বলে বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

আটকরা হলেন- শেরপুরের নকলা উপজেলার হাফিজ উদ্দিনের ছেলে লালচান (৩০), একই এলাকার বাবর হোসেনের ছেলে আব্দুস সোবহান (২৮), ছাবেদ আলীর ছেলে শেখ ফরিদ (২৪), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ওসমান গণির ছেলে সেরাজুল ইসলাম (২৭) ও একই জেলার তাজিম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন বাবু (২৫)।

সোমবার দুপুরে বীরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ-সার্কেল) খোদাদাদ হোসেন বলেন, “রাত সাড়ে ১১টার দিকে কবরস্থানের পাশে অপরিচিত কয়েকজনকে দেখতে পেয়ে তাদের আটক করে থানায় খবর দেয় এলাকাবাসী।

“আটকদের কাছ থেকে কিছু কাপড় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই কাপড় পরে তারা কবরে নামতেন এবং কাজ শেষে সেগুলো ফেলে চলে যেতেন। এর আগে কঙ্কাল চুরি হওয়া কবরস্থান থেকে এ ধরনের কাপড় পাওয়া গেছে।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, “আটকরা বীরগঞ্জসহ দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলার বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে রংপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।”

আটকদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এর আগে ২৩ অগাস্ট রাতে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট বালাপুকুর কবরস্থানের সাতটি এবং ১০ অগাস্ট একই ইউনিয়নের তুলসীপুর কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।