নারায়ণগঞ্জে ইজিবাইক চালক ও সবজি ব্যবসায়ী খুন
নারায়ণগঞ্জে গত দেড় মাসে এ নিয়ে চার ইজিবাইক চালক হত্যার শিকার হলেন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইক চালক এবং আড়াইহাজারে সবজি ব্যবসায়ী খুন হয়েছেন।
এর মধ্যে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের চার নম্বর ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকায় ব্যাটারিচালিত রিকশা (ইজিবাইক) চালককে গলাকেটে হত্যা করা হয়।
শুক্রবার সকালে ওই এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান।
নিহত সুজন মিয়া (৪৫) চাঁদপুরের ফরিদগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মনসুর মাস্টারের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
পরিবারের লোকজনের বরাতে ওসি মশিউর জানান, বৃহস্পতিবার ইজিবাইক নিয়ে বের হওয়ার পর বাসায় ফেরেনি সুজন মিয়া। রাতে দুর্বৃত্তরা তাকে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে। তবে তার ইজিবাইকটি ঘটনাস্থলেই পড়েছিল।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। প্রাথমিকভাবে তিনি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন ধারণা করে পুলিশ তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।
এর আগে গত ২৯ আগস্ট সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা মদিনাবাগ এলাকা থেকে রোকন (২৪), ১২ সেপ্টেম্বর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউপির কান্দিপাড়া এলাকা থেকে মো. ফেরদৌস (২২) এবং ১ অক্টোবর একই ইউপির নরপদী এলাকা থেকে মো. কায়েস (১৫) নামে ইজিবাইক চালকদের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই তিন ঘটনাতেই ব্যাটারিচালিত রিকশা (ইজিবাইক ও মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ছিনতাইকারীর ছুরিতে প্রাণ গেল ব্যবসায়ীর
এদিকে আড়াইহাজারে ছিনতাইকারী দলের ছুরিকাঘাতে সবজি ব্যবসায়ী আব্দুল মোমেন মোল্লা (৩৩) খুন হয়েছেন।
শুক্রবার ভোরে উপজেলার ঝাউগড়া মুড়ির মিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোমেন মোল্লা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি তিন সন্তানের জনক।
নিহতের ভাগ্নে মো. ইব্রাহীম বলেন, তার মামা রূপগঞ্জের গাউছিয়ার আড়ৎ থেকে সবজি কিনে সালমদী বাজারে বিক্রি করতেন। প্রতিদিনের মতো তিনি শুক্রবার ভোরেও টাকা নিয়ে আড়তের দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক বলেন, “ব্যাটারিচালিত ইজিবাইকে গাউছিয়ার উদ্দেশে যাচ্ছিলেন মোমেন মোল্লা। পথে ঝাউগড়া এলাকায় তিন-চার জনের ছিনতাইকারী দল ইজিবাইকের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
