নারায়ণগঞ্জে ‘প্রতিপক্ষের ছুরিকাঘাতে’ তরুণ নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ‘পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের’ ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।
ছুরি মেরে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।
নিহত মো. ইমন (২৩) সিদ্ধিরগঞ্জ উপজেলার আদর্শনগর এলাকার মো. শাহ্ আলমের ছেলে।
আহত শাহরিয়ার জয়কে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয় ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।
ওসি মশিউর বলেন, অপহরণের এক মামলায় ইমনসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল র্যাব। সেই থেকে একে অপরকে ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠলে ইমনের সঙ্গে কয়েকজনের দ্বন্দ্ব বাধে। এই দ্বন্দ্বের জেরে বুধবার রাতে তাদের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে ইমন ও জয়কে ছুরিকাঘাত করে কয়েকজন।
দুইজনকে বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ইমন মারা যান বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
ওসি মশিউর বলেন, ছুরি মেরে হত্যার অভিযোগে রাজু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
