২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে জমির বিরোধে ১০ দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪

“দোকানের দখল না পেয়ে তারা আমাদের কাছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেন”, বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ীর।

নাটোরে জমির বিরোধে ১০ দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪
নাটোরের বড়াইগ্রামে দোকানে তালা ও চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার চারজন।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 03:30 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় জামায়াত ও বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার হোসেন।

এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার আহম্মেদপুর বাজারে ১০টি দোকানে তালা দেওয়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- আহম্মেদপুর এলাকার প্রয়াত বন্দে আলী মিয়ার ছেলে মুজিবুর রহমান (৬৫), তার ছেলে জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন (৪৫), তার ভাই বিএনপির কর্মী হায়দার আলী (৪৮) এবং জামায়াত কর্মী আজিমউদ্দিন (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহম্মেদপুর গ্রামের মুজিবুর রহমানের সঙ্গে নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম, কোরবান আলী, শাহ আলম ও মোতালেব হোসেনের ছয় শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনায় আদালতে মামলা চলছে। বিষয়টি সমাধানে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়েছে। 

সোমবার আবার এ বিষয়ে সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা আর হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে মুজিবুরের ছেলেরা বিরোধপূর্ণ জমিতে থাকা ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেন এবং দোকানগুলো দখলমুক্ত করে মালিকদের জিম্মায় দেয়।

দোকান মালিক নওপাড়া গ্রামের শাহ আলম বলেন, “আমরা ক্রয় সূত্রে এই জমির মালিক। জমি কিনে সেখানে দোকান করেছি। কিন্তু তারা এ জমি তাদের বলে দাবি করে দোকানে তালা দিয়েছেন। বিকালে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।”

অপর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, “দোকানের দখল না পেয়ে তারা আমাদের কাছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। রাজি না হওয়ায় দোকানে তালা দিয়েছেন তারা।”

গ্রেপ্তারের আগে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা রুহুল আমিন বলেন, “ওই জমি আমাদের। তারা ২২ শতাংশ জমি কিনেছে কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের ছয় শতাংশসহ পুরো জমি দখল করে রেখেছেন। আমাদের অংশের জমি ছাড়তে বললেও তারা পাত্তা দিচ্ছেন না। 

“আমরা জমি না ছাড়লে দোকানের ভাড়ার টাকা দিতে বলেছিলাম, চাঁদা নয়। এ বিষয়ে আমরা আদালতে মামলা করেছি। তবে এভাবে দোকানে তালা দেওয়া আমাদের ঠিক হয়নি।”

গ্রেপ্তারের আগে হায়দার আলী বলেন, “জমির সমস্যা সমাধানের জন্য স্থানীয় জামায়াত ও বিএনপির কয়েকজন নেতাকে নিয়ে একটি কমিটি করা হয়। কিন্তু তারা (দোকানিরা) এ কমিটির কথাও মানেন না। তাই আমরা জমি দখল করেছি।”

এ ঘটনায় দোকান মালিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে দোকানে তালা ও চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা করেছেন। 

পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, এ ঘটনায় গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।