২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলে পরীক্ষা দিতে যাওয়া ছাত্রলীগ নেতাকে পিটুনি, পরে কারাগারে

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১৭ সালে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে বহিষ্কার হন ওই ছাত্রলীগ নেতা। পরে তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তি হন।

রাজশাহী মেডিকেলে পরীক্ষা দিতে যাওয়া ছাত্রলীগ নেতাকে পিটুনি, পরে কারাগারে
শিহাব আল রশিদ ওরফে গালিব

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2024, 07:24 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষ দিতে গিয়ে পিটুনির শিকার ছাত্রলীগ নেতাকে পুলিশে দেওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটক থেকে তাকে ধরে বন্ধগেইট এলাকায় নিয়ে মারধর করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

ছাত্রলীগ নেতা শিহাব আল রশিদ ওরফে গালিব (২৭)  পাবনা সদরের চাকপাইলানপুর গ্রামের হারুন আর রশিদের ছেলে। তিনি রংপুর মেডিকেল কলেজের ছাত্র। 

তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, আগে রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন শিহাব। তখন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

যদিও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে স্থায়ীভাবে বহিষ্কার হন শিহাব। 

পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। 

সেখান থেকে মঙ্গলবার বৃত্তিমূলক পরীক্ষা দিতে রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্রে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকে আসেন শিহাব। তখন তাকে দেখে চিনে ফেলেন কলেজের অন্য শিক্ষার্থীরা। 

পরে তারা শিহাব ধরে মোটরসাইকেলে তুলে বন্ধগেইট এলাকায় নিয়ে মারধর করে পুলিশে দেন।

নগরের রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, “আওয়ামী সরকারের পতনের আগে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় শিহাব আল রশিদের বিরুদ্ধে থানায় একটি মামলা আছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”