২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিন সাগরে ভাসার পর উদ্ধার ১০ জেলে, নিখোঁজ ৫

নিখোঁজ জেলেরা কলাপাড়া উপজেলার কুয়াকাটা ও  মহিপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 06:43 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাঝ ধরার ট্রলার ডুবে পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে ১০ জনকে।   

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, শুক্রবার ট্রলারটি ডুবে যায়। সোমবার গভীর রাতে নয়জন এবং মঙ্গলবার সকালে আরও একজনকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করে নিয়ে এসেছেন। 

এখনও পাঁচ জেলের কোনো খবর নেই। নিখোঁজ জেলেরা কলাপাড়া উপজেলার কুয়াকাটা ও  মহিপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। 

বুধবার নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেরা পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র মহিপুর থেকে ‘এফবি সাগরকন্যা’ নামের একটি মাছ ধরার ট্রলারে বঙ্গোপসাগরের গভীরে যান। ট্রলার ডুবে যাওয়া এবং জেলে নিখোঁজের বিষয়ে শনিবার ট্রলারটির মালিক কিশোর হাওলাদার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ট্রলার মালিক কিশোর হাওলাদার সাংবাদিকদের বলেন, সাগরে চার দিন ভেসে থাকার পর ১০ জেলেকে উদ্ধার করেছে অপর তিনটি মাছ ধরার ট্রলার। সোমবার গভীর রাতে দুই দফায় নয়জন এবং মঙ্গলবার সকালে কুয়াকাটা সংলগ্ন প্রায় ২০০ নটিকাল মাইল গভীরে আরেকজনকে উদ্ধার করা হয়েছে। 

এখনো নিখোঁজ রয়েছেন- ট্রলারের মাঝি আবদুর রশিদ (৪৫), নজরুল ইসলাম (৩৫), রফিক, ইদ্রিস (৪৩) ও হারুন মাঝি। 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক জেলে সাংবাদিকদের বলেন, শুক্রবার সকালে শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে গিয়ে তারা জাল ফেলেন। হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি দুমড়ে-মুচড়ে গিয়ে ডুবে যায়। 

এ সময় তাদের কাছ থেকে একজন হারিয়ে যায়। তারা ১৪ জন বাঁশ ও ফ্লুটের সাহায্যে ভাসতে শুরু করেন। পরে দুই দফায় আরও পাঁচজন নিখোঁজ হয়। 

পরে নয়জন ভাসতে ভাসতে শেষ বয়া এলাকায় পৌঁছান। সোমবার গভীর রাতে দুটি ট্রলার ওই নয় জেলেকে উদ্ধার করে বলে জানান ওই জেলে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী বলেন, “সকালে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে নয়জনকে ভর্তি করা হয়। পরে আরও একজনকে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট বেশি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিন জেলেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”