Published : 23 Sep 2024, 10:03 PM
ভোলায় বিদ্যুৎ কার্যালয়ে কর্মরত ওজোপাডিকোর কর্মচারীরা চাকরি স্থায়ী করার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন।
সোমবার সকালে বিদ্যুৎ কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করেন।
তারা বলেন, চাকরি স্থায়ী করার কথা বললেও এখন পর্যন্ত করা হয়নি। অনেকে ২০ বছর যাবত চাকরি করছেন, তবু তাদের চাকরি স্থায়ী করা হয়নি।
আন্দোলনকারী হারুন জামাদ্দার বলেন, প্রতি মিটার রিডিং করলে তিন টাকা এবং বিল পাঠালে দুই টাকা পান তারা। বর্তমান বাজারে এই কমিশনভিত্তিক বেতনে তাদের পোষায় না। তাই চাকরি স্থায়ীকরণ করে বেতন বাড়ানোই তাদের একমাত্র দাবি।
আন্দোলনকারী মুছা কালিমুল্লা ও মাকসুদুর রহমান বলেন, দাবি মানা না হলে তারা শতাধিক কর্মচারী অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রাখবেন। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করলে তারা কর্মস্থলে ফিরবেন।
পরে আন্দোলনকারীরা তাদের দাবি উল্লেখ করে ওজোপাডিকোর ভোলার নির্বাহী প্রকৌশলী, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।