স্ত্রী-ছেলেসহ নৌবাহিনীর হেফাজতে হাতিয়ার সাবেক এমপি
মোহাম্মদ আলী জাতীয় পার্টি, স্বতন্ত্র ও সবশেষ আওয়ামী লীগ থেকে হাতিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন।
নোয়াখালী-৬ আসনের আওয়ামী লীগের সদ্য সাবেক এমপি মোহাম্মদ আলী, তার স্ত্রী আয়েশা ফেরদৌস ও ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলীকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার রাত ৩টার দিকে হাতিয়ার পৌরসভার চর কৈলাশে মোহাম্মদ আলীর নিজ বাড়ি থেকে নৌবাহিনীর সদস্যরা তিনজনকে নিজেদের হেফাজতে নেন বলে বাহিনীটির হাতিয়া ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার রেদওয়ানুজ্জামান জানান।
মোহাম্মদ আলী জাতীয় পার্টি, স্বতন্ত্র ও সবশেষ আওয়ামী লীগ থেকে হাতিয়ার সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি হাতিয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি এবং তার স্ত্রী আয়েশা ফেরদৌস একই কমিটির সহ সভাপতি।
গত ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে মোহাম্মদ আলী তার স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজ বাড়িতেই ছিলেন।
লেফটেন্যান্ট কমান্ডার রেদওয়ানুজ্জামান বলেন, “হাতিয়ার মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে নৌবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলায় সাবেক সংসদ সদস্য দম্পতি ও তাদের ছেলেকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে।”
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
