Published : 04 Jul 2026, 11:01 PM
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় হত্যা মামলায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সাবেক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।
তিনি বলেন, সালিশ বৈঠকে হাতুড়ির আঘাতে নিহত হোসিয়ারি শ্রমিক আলমগীর হত্যা মামলায় শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হত্যা মামলার এক নম্বর আসামি উপজেলার সালেহনগর এলাকার খলিল মিয়ার ছেলে শোয়াইব রহমান সোহেব (৪২) এবং ১০ নম্বর আসামি বন্দর শাহী মসজিদ এলাকার বছিরের ছেলে মো. সুমন (৩৮)।
শোয়াইব রহমান সোহেব এনসিপির বন্দর উপজেলা কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে জানিয়েছেন সংগঠনটির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান।
শুরুর দিকে ওই কমিটি থাকলেও পরে তা বিলুপ্ত করা হয় বলেও জানান এ নেতা।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সালেহনগর এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে টাকা লেনদেন নিয়ে সালিশ বৈঠক চলাকালীন হাতুড়ির আঘাতে গুরুতর আহত হন আলমগীর হোসেন। পর দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত হোসিয়ারি শ্রমিক আলমগীর বন্দর শাহী মসজিদ এলাকার মৃত সোহবান মিয়ার ছেলে।
এ ঘটনায় নিহতের বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।