২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাঁদাবাজি’: নাটোরে বিএনপি নেতাকর্মী গ্রেপ্তারে দফায় দফায় অবরোধ

পুলিশ জানায়, এ সময় লালপুর-গোপালপুর, লালপুর-বাঘা এবং লালপুর-ঈশ্বরদী সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2025, 08:54 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

নাটোরের লালপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিনজনকে গ্রেপ্তারের পর তাদের মুক্তির দাবিতে দফায় দফায় সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা।

শনিবার সকাল ১০টায় লালপুর থানার সামনে অবস্থান এবং প্রধান সড়কের ত্রিমোহনী এলাকায় দলটির নেতাকর্মীরা অবরোধ করেন বলে জানান লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান। 

এসময় লালপুর-গোপালপুর, লালপুর-বাঘা ও লালপুর-ঈশ্বরদী সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হলে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার কথা বলেন তিনি। 

গ্রেপ্তাররা হলেন- লালপুর কলোনি এলাকার প্রয়াত আনেজের ছেলে লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোকন খাঁ (৫২), তার দুই ছেলে ছাত্রদলকর্মী মো. অনিক (২৪) ও মো. ফিরোজ (৩০)।

খোকন খাঁর স্ত্রী রত্না বেগম অভিযোগ করে বলেন, “শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে লালপুরের সেনা ক্যাম্পের সদস্যরা বাড়িতে এসে আমার স্বামী ও দুই ছেলেকে ব্যাপক মারধর করে এবং তুলে নিয়ে যায়।” 

তিনি স্বামী ও দুই সন্তানের মুক্তি দাবি করেন।

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনুর রশীদ পাপ্পুর দাবি, “এই তিনজন আওয়ামী লীগের আমলে ব্যাপক নির্যাতিত হয়েছে। আওয়ামী লীগের নেতা মতিউর রহমান মতি ও জাহাঙ্গীর তাদের কাছ থেকে অনেক চাঁদা নিয়েছেন। সরকার পতনের পরে সেই টাকা ফেরত চাইলে, আওয়ামী লীগ নেতারা বাড়িতে ডেকে নিয়ে ২০ হাজার টাকা ফেরত দেয়। 

“কিন্তু টাকা দেওয়ার একটি ভিডিও করে পুলিশ ও সেনা সদস্যরা কাছে দেয় তারা। এরপর সেনাবাহিনী খোকনের বাড়িতে গিয়ে তাকে ও তার ছেলেদের তুলে নিয়ে এসে ব্যাপক মারধর করে। যার প্রতিবাদেই নেতাকর্মী ও এলাকাবাসীরা সড়ক অবরোধ করেছে।”

এ ব্যাপারে লালপুরের ওসি নুরুজ্জামান বলেন, “চাঁদাবাজির অভিযোগে সেনা সদস্যরা রাতে তিনজনকে লালপুর থানায় হস্তান্তর করে৷ তাদের মুক্তির দাবিতে সমর্থকরা সড়ক অবরোধ করেছে। থানা ও ত্রিমোহনীতে অবরোধের পরেই তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। পরে দুপুরের দিকে আবার রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়।

“বিক্ষোভকারীদের বলছি, আইনগতভাবে তারা জামিন পাবেন। কিছু উচ্ছৃঙ্খল ছেলে তো থাকেই; কিন্তু নেতারা তো আইন বুঝেন। উনারাও কর্মীদের বুঝিয়েছেন। চাঁদাবাজির কোনো লিখিত অভিযোগ ছিল না।”

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হচ্ছে জানিয়ে ওসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।