২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ব্যানার ঝুলিয়ে ‘আওয়ামীপন্থি’ ২১ শিক্ষকের বিচার দাবি

এসব শিক্ষককে ‘দুর্নীতিবাজ ও সন্ত্রাসী’ দাবি করে তাদের বিচার চেয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রাবিতে ব্যানার ঝুলিয়ে ‘আওয়ামীপন্থি’ ২১ শিক্ষকের বিচার দাবি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিরোধিতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২১ শিক্ষকের পরিচয় সম্বলিত ব্যানার ক্যাম্পাসে ঝুলিয়ে ছাত্রদল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 07:29 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিরোধিতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘আওয়ামী লীগপন্থি’ ২১ শিক্ষকের বিচার দাবি করেছে ছাত্রদল। 

এসব শিক্ষককে ‘দুর্নীতিবাজ ও সন্ত্রাসী’ বলে তাদের পরিচয় সম্বলিত ব্যানার ক্যাম্পাসে ঝুলিয়ে দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্যারিস রোডে এসে শেষ হয়।

সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেন, “আমরা ‘দুর্নীতিবাজ ও সন্ত্রাসী’ শিক্ষকদের তালিকা প্রকাশ করেছি। সামনে আবারো নতুন তালিকা প্রকাশ করব। প্রশাসন যদি তাদের দ্রুত আইনের আওতায় না আনে, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেব।”

জ্যেষ্ঠ সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, “ছাত্রদল রাকসু বাস্তবায়নে শুরু থেকেই সোচ্চার রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একপাক্ষিক ও ‘জামাতি’। তারা একটি দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে রাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে। রাকসু নির্বাচনকে তারা আরেকটি রুয়া নির্বাচন বানাতে চায়।” 

তিনি বলেন, “আমরা বারবার দাবি জানিয়েছি, হাসিনার দোসর আওয়ামীপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিচার যেন নিশ্চিত হয়। আওয়ামী দোসরদের বিচার না হলে রাকসু নির্বাচন সুষ্ঠু হতে পারে না।”

ব্যানারে নাম দেওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির এবং সাবেক প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

অন্য শিক্ষকরা হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস এম একরামুল্লাহ ও অধ্যাপক সুলতান মাহমুদ রানা, সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মুসতাক আহম্মেদ, রসায়ন বিভাগের অধ্যাপক চৌধুরী জাকারিয়া, ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম, মার্কেটিং বিভাগের এম বোরাক আলী, অধ্যাপক শাহ আজম ও ওমর ফারুক সরকার, ইংরেজি বিভাগের আব্দুল্লাহ আল মামুন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমার কর্মকার, আইন বিভাগের অধ্যাপক হাসিবুল আলম প্রধান, আবু নাসের ওয়াহেদ ও সাদিকুল ইসলাম, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ফাইসাল আহম্মেদ, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেন, কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক কাজী জাহিদ হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আন্নাতুল ফেরদৌস।