Published : 21 Oct 2025, 02:33 PM
পটুয়াখালীর সদর উপজেলায় বিরোধের জেরে এক ব্যক্তিকে কোদাল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগে উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে।
সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার এসআই সঞ্জিব সাহা জানান।
নিহত ৪২ বছর বয়সী অবিনাশ চন্দ্র দাস ওই উপজেলার লাউকাঠী ইউনিয়নের ঢেউখালি গ্রামের সুভাষ দাসের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
অবিনাশের বাবা সুভাষ দাস বলেন, তার ছেলে অবিনাশ বেশ কিছু স্বর্ণ ও টাকা শশুরবাড়িতে গচ্ছিত রেখেছিল। ওই টাকা ও স্বর্ণ আনতে সোমবার বিকালে স্ত্রীকে নিয়ে শশুরবাড়ি যায়।
তিনি বলেন, “রাত সাড়ে ৮টার দিকে খবর পাই, শ্বশুরসহ পরিবারের লোকজন আমার ছেলেকে কোদাল দিয়ে মেরে ফেলেছে।”
এসআই সঞ্জিব বলেন, অবিনাশ কয়েক বছর বিদেশে ছিলেন। পরে দেশে ফিরে ঠিকাদারি শুরু করেন। ঘটনার পর তার স্ত্রীসহ শ্বশুরবাড়ির পাঁচটি বসতঘরের সবাই পালিয়ে গেছে। ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
কোদালের আঘাতেই অবিনাশের মৃত্যু হয়েছে বলে ধারণা তার।
পটুয়াখালী সদর থানার ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন, এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছেন বলে জানান তিনি।