১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘দুর্নীতি’: বেনাপোল কাস্টমসের কর্মকর্তা গ্রেপ্তার

শামীমা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 09:47 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

যশোরের বেনাপোল কাস্টমস হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেপ্তার করেছে দুদক। 

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাহউদ্দীন সাংবাদিকদের বলেন, “ঘুষের টাকা উদ্ধারের ঘটনায় মঙ্গলবার সকালে শামীমাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। পরে দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

এর আগে সোমবার বিকালে দুই লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই শামীমাকে গ্রেপ্তার করা হয়েছে।

শামীমা বেনাপোল কাস্টমস হাউজের ৬ নম্বর শুল্কায়ন গ্রুপের রাজস্ব কর্মকর্তা। তিনি যশোর কোতয়ালী থানার ৩০২, নাজির শংকরপুর এলাকার এবং হাসিবুর বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের বাসিন্দা।

উপ-পরিচালক সালাহউদ্দীন বলেন, “যারা এই ঘুষের টাকার পেছনে রয়েছেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”

এ ব্যাপারে জানতে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার খালেদ মোহাম্মাদ আবু হোসেনের মোবাইলে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।