১১ বছর আগে গুম, লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে ফেরত চায় পরিবার
“সন্তানদের নিয়ে আমি তার অপেক্ষায় আছি। আমরা তাকে সুস্থ অবস্থায় ফেরত চাই।”
আওয়ামী লীগ সরকারের শাসন আমলে গুমের শিকার লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক ওরফে টাইগার ফারুককে ফেরত চেয়ে মানববন্ধন করেছে পরিবার।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
ফারুক সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার ও তার ছেলে ইমন ওমরসহ অন্যরা।
কর্মসূচিতে এলাকাবাসী ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা অংশ নেয়।
পারভীন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর পরিচয়ে ২০১৪ সালে ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গা থেকে ফারুককে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ১১ বছর তার কোনো খোঁজ নেই। সন্তানদের নিয়ে আমি তার অপেক্ষায় আছি। আমরা তাকে সুস্থ অবস্থায় ফেরত চাই।”
বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিএনপির বহু নেতাকর্মীকে গুম-খুন করেছে। ১১ বছর আগে গুমের শিকার হওয়া বিএনপি নেতা ফারুকের কোনো সন্ধান পাওয়া যায়নি।”
