Published : 12 Dec 2025, 08:30 PM
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কার পর উল্টে গেলে বাসটির সুপারভাইজার প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অন্তত বাস ও ইজিবাইকে থাকা সাত যাত্রী।
শুক্রবার বিকালে মহাসড়কের বিনেরপোতা ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাসুদুর রহমান।
নিহত মো. শাওন ইসলাম (৩৩) খুলনা সদরের সোনাডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে।
আহতরা হলেন, দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে শেখ নজরুল ইসলাম (৭০), একই এলাকার ফাইম হোসেন (২০), সাতক্ষীরা সদরের বকচোরা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার মিম (২১), বরিশাল জেলার সদরের কাউনিয়া এলাকার মাহাবুর রহমানের ছেলে নাইম(৩০)। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত ফাইম হোসেন বলেন, খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি শুক্রবার দুপুরে বিনেরপোতা ব্রিজ এলাকায় পৌঁছায়। হঠাৎ চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়।

এর পরপরই বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মারা যান। দুমড়ে যায় ইজিবাইকটিও, এতে দুটি গাড়ির অনেক যাত্রী আহত হন।
ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে সাতক্ষীরা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ত্রিদেব দেবনাথ বলেন, দুর্ঘটনায় আহত হয়েছে অনেকজন তবে বর্তমানে চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।