বরগুনায় বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী বাবা-মেয়েসহ নিহত ৩
ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।
বরগুনার আমতলী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী একই পরিবারের তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছে আরও এক শিশু।
শনিবার বেলা ৩টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে উপজেলার কেওয়বুনীয়া আটঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম।
নিহতরা হলেন- সোনাখালি এলাকার আজিজুল খান, তার মেয়ে মোসাদ্দিকা আকতার এবং দাদি শাশুড়ি মোসাম্মৎ খালেদা বেগম।
এ ঘটনায় মোসাদ্দিকার পাঁচ দিন বয়সি এক শিশু আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী ইকরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী আজিজুল খান ও তার মেয়ে মোসাদ্দিকা ঘটনাস্থলেই মারা যান।
তাৎক্ষণিক স্থানীয়রা এক শিশু ও খালেদা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খালেদা বেগম মারা যান।
ওসি আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনা অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
