২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে পর্যটকসহ নিহত ২

পুলিশ জানায়, নিহত পর্যটক জিহাদের স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 08:17 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পর্যটকসহ দুজনের মৃত্যু হয়েছে; এ সময় আরও তিনজন আহত হয়েছেন। 

রোববার দুপুর ১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে বলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. ছমি উদ্দিন জানান। 

নিহতরা হলেন- উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে ও ইউনিয়ন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহসভাপতি বারিক্কা ওরফে কিরণ চাকমা (৪০) এবং ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে মো. জিহাদ (২১)।

পুলিশ জানায়, নিহত জিহাদের স্ত্রী তাসিম আক্তার মরিয়মসহ (১৮) তিনজন আহত হয়েছেন। দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

পরিদর্শক ছমি উদ্দিন বলেন, দুপুরে মেরিন ড্রাইভ সড়কে উপজেলার জাহাজপুরা এলাকায় কক্সবাজারগামী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

“এতে মোটরসাইকেলে দুইজন আরোহীসহ পাঁচ জন আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে বারিক্কা চাকমা ওরফে কিরণ মারা যান।”

পরিদর্শক বলেন, আহত অপর চারজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। “

নিহত জিহাদের খালাত ভাই আবু ইউছুফ বলেন, “দুই মাস আগে জিহাদ ও মরিয়মের বিয়ে হয়। ১৬ মে তারা পরিবারের অন্যদের সঙ্গে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। শনিবার তারা সকলে এক সঙ্গে ঢাকায় ফেরার কথা ছিল।

“কিন্তু নবদম্পতি জিহাদ ও মরিয়ম আরও একদিন থাকার ইচ্ছে পোষণ করায় ফেরা হয়নি। রোববার রাতেই সবাই এক সঙ্গে ফেরার সিদ্ধান্ত নেয়। “

তিনি বলেন, “রোববার সকালে জিহাদ ও তার স্ত্রী মিলে ‘রেন্ট এ বাইক’ যোগে মেরিন ড্রাইভ সড়ক ঘুরতে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে কক্সবাজার ফেরার পথে এ দুর্ঘটনায় ঘটটে।”