২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

২০১২ সালের ২০ ডিসেম্বর রাতে মোজাম্মেলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরদিন তার মৃত্যু হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 04:29 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

চাঁদপুর শহর মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।  

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট কুহিনুর বেগম। 

দণ্ডিত মো. বশির (৪৪) রহমতপুর আবাসিক এলাকার তাজুল ইসলাম মেম্বারের ছেলে। 

আর হত্যাকাণ্ডের শিকার মোজাম্মেল পাটয়ারী একই এলাকার ৯৬ নম্বর বাসার বাসিন্দা সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে।

আসামিকে সাজার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

মামলার বিবরণে বলা হয়, চিহ্নিত মাদক ব্যবাসায়ী বশিরকে প্রায়ই এলাকায় মাদক বিক্রির সময় মোজাম্মেল বাধা দিত। পুলিশ বরিশকে মাদক মামলায় গ্রেপ্তার করলে এ ঘটনায় সন্দেহের তীর যায় মোজাম্মেলের দিকে। 

বশির জামিনে বেরিয়ে ২০১২ সালের ২০ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মোজাম্মেলকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপতালে নিয়ে চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ২১ ডিসেম্বর রাত আনুমানিক ১টার দিকে মোজাম্মেলের মৃত্যু হয়।

এ ঘটনায় পরদিন ২২ ডিসেম্বর মোজাম্মেলের মা মরিয়ম বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় বশিরকে। 

সহযোগী আসামি করা হয় বশিরের আপন ভাই মো. নাছির (৪৫), মো. মামুন (২৫), মো. মহিসন (২৭) ও তাদের মা মনি বেগমকে।

মামলাটি তদন্ত শেষে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. নাজমুল হক কামাল ২০১৬ সালের ১৬ অগাস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পিপি কুহিনুর বেগম বলেন, “মামলাটি চলমান অবস্থায় আদালত ১০ জনের স্বাক্ষ্যগ্রহণ করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা এবং আসামি তার অপরাধ স্বীকার করায় তার উপস্থিতিতে বিচারক এ রায় দেন।”

আর বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।