২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগের সরকারি চিকিৎসা সেবাকেন্দ্রে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 04:20 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

বরিশালে বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। 

মারা রোগীর মধ্যে দুইজন বরগুনায় এবং একজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে তিনজনই বরগুনা জেলার বাসিন্দা বলে মঙ্গলবার দুপুরে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল। 

মারা যাওয়া রোগীরা হলেন- বরগুনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অসীম সরকার (৩৮), সদর উপজেলার নয়াকাটা এলাকার মো. বাবুল (৩৩) ও আমতলী উপজেলার আব্দুল হক (৬৮)। 

এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগের সরকারি চিকিৎসা সেবাকেন্দ্রে ডেঙ্গুতে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ১৮ জন, বরগুনায় ১৪ জন ও পটুয়াখালীতে একজনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩ হাজার ৬৮৮ রোগী ভর্তি হয়। 

এর মধ্যে ১৩ হাজার ২৩৯ জন রোগী ছাড়পত্র নিয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪১৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৩৮ জন। 

এছাড়া বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বরগুনায় ৭ হাজার ৩৮০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।