টাঙ্গাইলে চালকলে দুর্ঘটনা, ৩ শ্রমিকের মৃত্যু
রাইস মিলে বস্তায় চাল ভরার সময় সাইলো ধসে হতাহতের ঘটনা ঘটে।
টাঙ্গাইলের গোপালপুরে একটি চালকলের বয়লারের সাইলো ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার রাত ৯টার দিকে পৌর শহরের ডুবাইল এলাকায় একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের নামের ওই চাল কলে এ দুর্ঘটনায় আরেক শ্রমিক আহত হয়েছেন বলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন জানান।
নিহতরা হলেন, নাঈমুল ইসলাম, আরিফুল ইসলাম ও আরিফুল ইসলাম। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
আহত শ্রমিক দেলোয়ার হোসেন জানান, মিল কর্তৃপক্ষ কয়েকদিন আগে ৫০ কেজির চারশ বস্তা চাল ধারণ ক্ষমতার একটি সাইলো স্থাপন করে। রোববার রাতে নতুন সাইলো থেকে চাল বস্তায় ভরার কাজ শুরু হয়।
“আমিসহ চারজন চাল বস্তায় ভরছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। পরে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে দেখি আমি হাসপাতালে।”
গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন সাংবাদিকদের জানান নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
