সিরাজগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
গত ৪ অগাস্ট সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চলা সংঘর্ষে তিনজন নিহত হন।
সিরাজগঞ্জ সদর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যুবদল-ছাত্রদলের দুই নেতা নিহতের আলাদা মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় জানান সদর থানার এসআই মনিরুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান শেখ সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. লিমন এবং শিয়ালকোল ইউপির ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শিবনাথপুর গ্রামের বাসিন্দা আলম শেখ।
এসআই মনিরুল ইসলাম বলেন, রোববার ভোরে শাহজাদপুর উপজেলা থেকে ইউপি চেয়ারম্যান শেখ সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার সকালে শিবনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে আলম শেখকে এবং রাতে শহরের সমাজ কল্যান মোড় এলাকা থেকে ছাত্রলীগ নেতা লিমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ইউপি চেয়ারম্যান শেখ সেলিম রেজা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও ছাত্রলীগ নেতা লিমন জেলা ছাত্রদলের সদস্য সুমন হত্যা মামলার এজাহারভুক্ত আর আলম শেখ যুবদলের রঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামি।
৪ অগাস্ট সিরাজগঞ্জ শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে যুব ও ছাত্রদলের ওই দুই নেতাসহ তিনজনের মৃত্যু হয়।
