ফরিদপুরে মনোনয়ন প্রত্যাশীর তোরণ ভাঙচুর, প্রতিবাদে ঝাড়ু মিছিল
এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ফরিদপুর-৪ আসনের সম্ভাব্য এ প্রার্থী।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফরিদপুর-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র এক প্রার্থীর নির্বাচনি প্রচারণার ব্যানার, ফেস্টুন ও তোরণ ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ ঘটনার প্রতিবাদে চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার সম্ভাব্য প্রার্থী রায়হান জামিলের কর্মী-সমর্থকরা ঝাড়ু মিছিল করেছেন। সেইসঙ্গে সুষ্ঠু নির্বাচনি পরিবেশের দাবি জানিয়েছেন তারা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন উপজেলায় ‘ফরিদপুর-৪ আসনের সর্বস্তরের জনগণ’ ব্যানারে মিছিলটি বের করা হয়। এতে শতাধিক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিলটি রায়হান জামিলের নিজ বাড়ি উপজেলার এমপিডাঙ্গী এলাকা থেকে বের হয়ে উপজেলার প্রধান সড়ক ঘুরে পুনরায় একই জায়গায় গিয়ে শেষ হয়।
রায়হান জামিল বলেন, ফরিদপুর-৪ আসন থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন। প্রচারের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়। এক সপ্তাহ ধরে কে বা কারা এসব ভাঙচুর করছে।
নির্বাচনের সুষ্ঠু পরিবেশের দাবি জানিয়ে তিনি বলেন, “বিগত নির্বাচনে এই আসনে বাইরে থেকে লোক এসে এমপি হয়েছিল। তারা কেউ এলাকার সন্তান না কিন্তু আমি এই এলাকার সন্তান হওয়ার পরও একদল লোক আমার গেইট ভাঙচুর ও ফেস্টুন-ব্যানার ছিঁড়ে ফেলছে।”
এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন রায়হান জামিল।
