২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পিস্তল-গুলিসহ যুবক আটক

“মুন্না একজন পরিবহনকারী। টাকার বিনিময়ে অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।”

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2026, 09:07 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

রাজবাড়ী সদর উপজেলায় বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।

শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান জেলা ডিবির ওসি মফিজুল ইসলাম।

আটক যুবকের নাম মুন্না (২২)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা।

ওসি মফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে মুন্নাকে আটক করা হয়। পরে তার জ্যাকেট তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, “মুন্না একজন পরিবহনকারী। টাকার বিনিময়ে অস্ত্রগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”