১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সড়ক সংস্কারে অনিয়ম: লক্ষ্মীপুরে মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল

বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়কটির সাড়ে চার কিলোমিটার পুনরায় সংস্কারের দাবি জানান আন্দোলনকারীরা।

সড়ক সংস্কারে অনিয়ম: লক্ষ্মীপুরে মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল
সড়ক সংস্কারের দাবিতে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 09:35 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

লক্ষ্মীপুর সদরের সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগে ঝাড়ু মিছিল করেছে স্থায়ীরা। এ সময় আন্দোলনকারীরা ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বটতলি এলাকায় অবরোধের কারণে এ পথে চলাচলকারী চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, ভোলা, বরিশালসহ বিভিন্ন জেলাগামী যাত্রীবাহী বাস আটকা পড়ে।

এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়ে ভোগান্তির শিকার হন মানুষ। এক পর্যায়ে যাত্রী ও আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা ছাড়ায়।

‎খবর পেয়ে বেলা দেড়টার দিকে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে কাজের মান যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেলে পরিস্থিতির শান্ত হয়।

আন্দোলনকারীরা জানান, সদরের বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। এতে সংস্কারের কয়েকদিনের মধ্যে সড়কের বেশকিছু অংশ দেবে গেছে। যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী বর্ষায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

আন্দোলনকারী আবুল হাসান সহেল বলেন, অনিয়মের বিরুদ্ধে এবং সড়কটি পুনরায় সংস্কারের দাবিতে তারা আন্দোলন করছেন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে এলজিইডি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তিনি।

অবরোধের মধ্যে কথা হয় আনন্দ বাস চালক মো. ইসমাইলের সঙ্গে। তিনি বলেন, এমন আন্দোলনের কোনো মানে হয় না। শতশত গাড়ি আটকে দুর্ভোগ সৃষ্টি করাও একটা অপরাধ। কে কোথায় দুর্নীতি করেছে; তার খেসারত কেন সাধারণ মানুষ দেবে?

এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেবেন।”