শেরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬: ঢাকা থেকে বাসচালক গ্রেপ্তার
দুই দিন আগে শেরপুর-ঢাকা মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হন বলে জানায় পুলিশ।
শেরপুর সদর উপজেলায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহতের ঘটনায় পালিয়ে যাওয়া বাসচালককে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম।
গ্রেপ্তার বাসচালক মো. সুমন (৩৪) জামালপুরের ইসলামপুর উপজেলার দিঘীর চর গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।
র্যাব-১৪ জানায়, রোববার বেলা সাড়ে ১১টায় শেরপুর-ঢাকা মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও পাঁচ যাত্রী নিহত হন।
এ ঘটনায় অটোরিকশা চালকের ছেলে মো. জিহাদ মিয়া (১৮) বাদী হয়ে শেরপুর সদর থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। এ ঘটনায় ছায়া তদন্তে নামে র্যাব-১৪, জামালপুর।
সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর উত্তরার ৮ নম্বর সেক্টর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয় বলে জানান সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম।
গ্রেপ্তারকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
